| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বেলাবোতে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৭, ২০২৬ ইং | ১৮:৪৩:১৩:অপরাহ্ন  |  ৫৩ বার পঠিত
বেলাবোতে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

বেলাবো (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর বেলাবো উপজেলার সল্লাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী নিলক্ষিয়া পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় এলাকাবাসী ও ভোটাররা।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় নিলক্ষিয়া পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

স্থানীয়রা জানান, নিলক্ষিয়া পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ২ হাজার ৩০০ জন। স্বাধীনতার পর থেকে এ এলাকার ভোটাররা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এই কেন্দ্রে ভোট দিয়ে আসছেন। সম্প্রতি ওই কেন্দ্র থেকে ৯০০ ভোটারের নাম বাদ দিয়ে সল্লাবাদ পশ্চিমপাড়া এলাকায় অবস্থিত সল্লাবাদ আদর্শ ইসলামিয়া এবতেদায়ী মাদ্রাসায় নতুন একটি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী বলেন, নতুন কেন্দ্রটি অধিকাংশ ভোটারের বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে। অনুন্নত যোগাযোগব্যবস্থা ও দূরত্বের কারণে বিশেষ করে বয়স্ক, নারী ও শারীরিক প্রতিবন্ধী ভোটারদের ভোটকেন্দ্রে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হবে। এতে অনেক ভোটার ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।

মানববন্ধনে ভার্চুয়ালি বক্তব্য দেন ইতালিস্থ নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আমান উল্লাহ আমান। এ ছাড়া উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. কামরুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য মো. কামরুজ্জামান আজিমসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বেলাবো উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. কামরুল ইসলাম বলেন, নিলক্ষিয়া পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রটি স্বাধীনতার পর থেকে এলাকার মানুষের ভোটাধিকার নিশ্চিত করে আসছে। হঠাৎ করে কেন্দ্রটি বিভক্ত করে দূরবর্তী স্থানে নেওয়ার সিদ্ধান্ত এলাকাবাসী মেনে নেবে না। তিনি অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।

মানববন্ধন থেকে নবগঠিত ভোটকেন্দ্রটি বাতিল করে নিলক্ষিয়া পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেই আগের মতো সব ভোটারের ভোটদানের ব্যবস্থা বহাল রাখার দাবি জানান এলাকাবাসী। একই সঙ্গে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তারা।

মানববন্ধন শেষে গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কাররুল হাসান।

দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন স্থানীয় এলাকাবাসী।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪