| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নড়াইলে মাদকসেবনে বাধা দেওয়ায় ইউপি সদস্যকে লাঞ্ছিত, চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৭, ২০২৬ ইং | ১৮:৫২:০৬:অপরাহ্ন  |  ৫০ বার পঠিত
নড়াইলে মাদকসেবনে বাধা দেওয়ায় ইউপি সদস্যকে লাঞ্ছিত, চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়ায় মাদকসেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে ইউপি সদস্যকে লাঞ্ছিত করার অভিযোগের পর তার চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নের কদমতলা গ্রামের ত্রি-মোহনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মানসুর মোল্যা (৪৫) কদমতলা গ্রামের হাবি মোল্যার ছেলে। অভিযুক্ত হাসিব মোল্যা (২০) একই গ্রামের লিপটন মোল্যার ছেলে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, মাদকসেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে শুক্রবার পেড়লী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কাসেদ মোল্যার সঙ্গে হাসিব মোল্যার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে হাসিব ইউপি সদস্য কাসেদ মোল্যাকে কিল-ঘুষি মারেন বলে অভিযোগ ওঠে।

এর জের ধরে শনিবার রাত ১০টার দিকে হাসিব কদমতলা ত্রি-মোহনা এলাকার একটি দোকানে গেলে কাসেদ মেম্বারের চাচাতো ভাই মানসুর মোল্যা ও নূর ইসলাম তার কাছে গিয়ে কাসেদের গায়ে হাত তোলার কারণ জানতে চান। এ সময় হাসিব ধারালো অস্ত্র বের করে তাদের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। এতে মানসুর ও নূর ইসলাম গুরুতর আহত হন।

পরে গুরুতর আহত মানসুরকে চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে জামরিলডাঙ্গা ফুটবল মাঠের কাছে পৌঁছালে তিনি মারা যান। আহত নূর ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ইউপি সদস্য কাসেদ মোল্যা বলেন, ‘হাসিব দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তাকে মাদকসেবন করতে নিষেধ করায় সে ক্ষিপ্ত হয়ে আমাকে লাঞ্ছিত করে। পরে ধারালো অস্ত্র দিয়ে মানসুর ও নূর ইসলামের ওপর হামলা চালায়।’

কালিয়া থানার ওসি ইদ্রিস আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহত মানসুর মোল্যার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে পূর্ববিরোধের জের ধরে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে জানা গেছে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪