বগুড়া প্রতিনিধি: ‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় চত্বরের বটতলা থেকে শোভাযাত্রাটি বের করা হয়। পরে এটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বাংলাদেশ পর্যটন করপোরেশন ও পর্যটন মোটেল, বগুড়ার সার্বিক সহযোগিতায় দিবসের কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি। একই দিনে তিনি মোহাম্মদ আলী হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা এবং বগুড়া মহিলা ডিগ্রি কলেজের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) মহাপরিচালক ড. মো. আব্দুল মজিদ, বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আসাদুজ্জামান, ট্যুরিস্ট পুলিশ বগুড়া জোনের পরিদর্শক মো. আতিয়ার রহমান, পর্যটন মোটেল বগুড়ার ব্যবস্থাপক মোহাম্মদ আলী আজম মিয়া এবং বগুড়া মহিলা ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি কৃষিবিদ আমিনুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
রিপোর্টার্স২৪/রাফিদ