বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে ভৈরব নদী থেকে মাথাবিহীন এক অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি অন্তত তিন থেকে চার দিন আগের বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার মানসা এলাকায় ভৈরব নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয় পথচারীরা পুলিশকে খবর দেন। পরে ফকিরহাট মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নদী থেকে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৪০ বছর। মরদেহে পচন ধরেছে এবং মাথাটি পাওয়া যায়নি। স্থানীয়দের ধারণা, মরদেহটি রূপসা এলাকা থেকে জোয়ারের পানিতে ভেসে মানসা এলাকায় এসে থাকতে পারে।
মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ নদীর দুই পাড়ে ভিড় করেন।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান বলেন, ভৈরব নদী থেকে মাথাবিহীন অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি তিন থেকে চার দিন আগের। বিষয়টি নৌ পুলিশ, পিবিআই ও সিআইডিকে জানানো হয়েছে। সংশ্লিষ্ট সংস্থাগুলো ঘটনাস্থলে এলে মরদেহের পরিচয় শনাক্তের প্রক্রিয়া শুরু হবে।
তিনি আরও জানান, প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হবে।
রিপোর্টার্স২৪/রাফিদ