| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রামপালে নাগরিক নেতা, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীদের নিয়ে তথ্য অধিকার দিবস পালন

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৮, ২০২৬ ইং | ১৬:৪০:৩৮:অপরাহ্ন  |  ৪৭১ বার পঠিত
রামপালে নাগরিক নেতা, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীদের নিয়ে তথ্য অধিকার দিবস পালন

রামপাল প্রতিনিধি: ডিজিটাল যুগে সঠিক তথ্য ও অপতথ্যের পার্থক্য নির্ণয় কঠিন হয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, অতিরঞ্জিত ও অর্ধসত্য তথ্য ছড়িয়ে পড়ায় জনমত প্রভাবিত হচ্ছে। এতে সমাজে বিভ্রান্তি ও অসহিষ্ণুতা বাড়ার পাশাপাশি ন্যায়বিচার বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। তাই অপতথ্যের বিস্তার রোধে নাগরিকদের তথ্য অধিকার যথাযথভাবে প্রয়োগের সুযোগ বাড়ানো প্রয়োজন।

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে বাগেরহাটের রামপালে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান।

সোমবার সকালে উপজেলার খান জাহান আলী মাধ্যমিক বিদ্যালয়ে ‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’ প্রতিপাদ্যে র‌্যালি, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

দাতা সংস্থা এম্বাসি অব সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা, ইউরোপীয় ইউনিয়ন ও মানুষের জন্য ফাউন্ডেশনের (এমজেএফ) অর্থায়নে ‘নাগরিক’ প্রকল্পের আওতায় পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট (উই ক্যান) ও নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

খান জাহান আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরহাদ হোসেন আকুঞ্জীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. মুজিবর রহমান জোয়ার্দ্দার, নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিজিয়া পারভীন, গৌরম্ভা ইউনিয়ন ভূমি অফিসের নায়েব শেখ মনিরুজ্জামান, গৌরম্ভা ইউনিয়ন পরিষদের সদস্য বাবু চম্পক কুমার কুন্ডু, আবু মুছা আকুঞ্জি, ফিরোজ হোসেন, সমাজসেবক মো. শারাফাত হোসেন এবং গৌরম্ভা ইউনিয়ন নাগরিক ফোরামের সভাপতি মো. ওবায়েদুল্লাহ গাজী। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাগরিক ফোরামের কার্যনির্বাহী সম্পাদক মো. মোহতাদির।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে তিনটি বিষয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিষয়গুলো ছিল—প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং তথ্য অধিকার।

সামাজিক নিরাপত্তা বিষয়ে নবম শ্রেণির ইরফান শেখ প্রথম, দশম শ্রেণির সুমাইয়া বিল্লাহ দ্বিতীয় এবং নবম শ্রেণির তিথি কুন্ডু তৃতীয় হন। নারীর ক্ষমতায়ন ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা বিষয়ে অষ্টম শ্রেণির জান্নাতুল শাহ সারাহ প্রথম, তাবাচ্ছুম সুলতানা দ্বিতীয় এবং সপ্তম শ্রেণির নওরিয়া জান্নাত তৃতীয় হন। তথ্য অধিকার বিষয়ে ষষ্ঠ শ্রেণির তকি তাজওয়ার প্রথম, ফাইজা জামান দিয়হা দ্বিতীয় এবং রায়হান সরদার তৃতীয় স্থান অর্জন করেন।

পরে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠান শেষে অতিথি ও অংশগ্রহণকারীদের অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ ও সামনের সড়কে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, তথ্য অধিকার বিষয়ে শিক্ষার্থী ও সাধারণ নাগরিকদের সচেতনতা বাড়ানো এবং অপতথ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। এতে প্রশাসনিক কর্মকর্তা, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য, শিক্ষক, জনপ্রতিনিধি, নাগরিক নেতা ও নারী নেত্রীসহ প্রায় ৩০০ জন অংশ নেন।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪