শেরপুর প্রতিনিধি: “ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, তথ্য অধিকার আইন জনগণের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করার পাশাপাশি প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডিজিটাল যুগে অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলায় সঠিক ও নির্ভরযোগ্য তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
আলোচনা সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, তথ্য অধিকার-সংশ্লিষ্ট ব্যক্তি ও সুধীজন অংশ নেন। বক্তারা তথ্য অধিকার আইন যথাযথভাবে বাস্তবায়ন, জনগণের তথ্যপ্রাপ্তির সুযোগ সম্প্রসারণ এবং তথ্য অধিকার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সভায় তথ্য জানার অধিকার নিশ্চিত করে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রশাসন প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
রিপোর্টার্স২৪/রাফিদ