| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২০০ টাকায় টমেটো, চড়া সবজির বাজার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৬, ২০২৬ ইং | ১৫:৫৯:১৯:অপরাহ্ন  |  ৩০৭৭ বার পঠিত
২০০ টাকায় টমেটো, চড়া সবজির বাজার

স্টাফ রিপোর্টার: রাজধানীর কাঁচাবাজারে শীতকালীন আগাম সবজির সরবরাহ বাড়লেও দাম এখনো চড়া। অধিকাংশ সবজি কেজিপ্রতি ৮০ টাকা বা তার বেশি দামে বিক্রি হচ্ছে। টমেটোর দাম উঠেছে ২০০ টাকায়। তবে তুলনামূলক কম দামে ২০ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে পেঁপে।

শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। এদিকে মাছ ও মাংসের দাম গত সপ্তাহের মতোই রয়েছে। তবে ডিমের দাম ডজনে ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। অন্যদিকে, কয়েক ধরনের চালের দাম বেড়েছে।

বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি টমেটো ১২০ থেকে ২০০ টাকা, শিম ১২০ থেকে ১৬০ টাকা, বেগুন ৭০ থেকে ৮০ টাকা এবং কাঁচা মরিচ ১২০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া পটোল ও ঢ্যাঁড়সের কেজি ৫০ থেকে ৬০ টাকা।

সবজি বিক্রেতা মিজান বলেন, দুই-একটি পণ্য ছাড়া বেশির ভাগ সবজির দাম তেমন বাড়েনি। কিছু পণ্যের দাম আগের মতোই রয়েছে। সামনে শীতের নতুন সবজি বাজারে উঠলে দাম আরও কিছুটা কমতে পারে।

মুরগির বাজারেও দামে তেমন পরিবর্তন নেই। রাজধানীতে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৮০ টাকা এবং সোনালি মুরগি ৩১০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংসের দাম কেজিতে ৮২০ থেকে ৮৫০ টাকা। অন্যদিকে, ডিমের দাম ডজনে ১০ টাকা কমে ১৪০ টাকা হয়েছে। চারটি ডিম বিক্রি হচ্ছে ৫০ টাকায়।

মাছের বাজারেও গত সপ্তাহের তুলনায় উল্লেখযোগ্য পরিবর্তন নেই। প্রতি কেজি তেলাপিয়া ২৫০ থেকে ২৬০ টাকা, পাঙাশ ২২০ থেকে ২৩০ টাকা, রুই-কাতলা ৩৮০ থেকে ৪২০ টাকা এবং চিংড়ি ১ হাজার থেকে ১ হাজার ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া পাবদা ৩৫০ থেকে ৪০০ টাকা, বড় আকারের রুই ৪৫০ থেকে ৫০০ টাকা, ট্যাংরা ৭০০ টাকা, ভেটকি ৪০০ থেকে ৫৫০ টাকা, মিগেল ২৫০ থেকে ৩০০ টাকা, বাইন ৬০০ থেকে ৮০০ টাকা, দেশি কই ৭০০ থেকে ৮০০ টাকা, চাষের কই ৩০০ টাকা, পোয়া ২৬০ টাকা এবং শোল মাছ ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

আকারভেদে চাষের শিং মাছের কেজি ৩০০ থেকে ৪৫০ টাকা। মাঝারি আকারের রুই পাওয়া যাচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকায়। অন্যদিকে, রূপচাঁদা, শোল ও নদীর বেলে মাছ কিনতে কেজিপ্রতি হাজার টাকার বেশি খরচ হতে পারে। মাছের আকার ও জীবিত বা মৃত থাকার ওপর দাম নির্ভর করছে। বাজারভেদেও কেজিতে ১০ থেকে ২০ টাকা পার্থক্য রয়েছে।

মাছ বিক্রেতা মুর্শেদ বলেন, মাছের দাম আগের মতোই আছে। রুই ৩৫০ থেকে ৪০০ টাকা, তেলাপিয়া ২৫০ টাকা এবং পাঙাশ ২৩০ টাকা কেজি দরে বিক্রি করছেন তিনি। তবে শুক্রবার দাম কিছুটা বেশি থাকে বলে জানান এই বিক্রেতা।

এদিকে, চালের বাজারে কয়েক ধরনের চালের দাম বেড়েছে। প্রতি কেজি আটাশ চাল ৬৩ থেকে ৬৫ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল ৬২ থেকে ৬৩ টাকা। মিনিকেট চালের দাম ২ টাকা বেড়ে হয়েছে ৭৫ টাকা। পাইজাম চালের দাম ৫৮ টাকা থেকে বেড়ে ৬০ টাকা হয়েছে। তবে মোটা চালের দাম অপরিবর্তিত রয়েছে। গুটি স্বর্ণাসহ অন্যান্য মোটা চাল ৫০ থেকে ৫৫ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে।

চাল ব্যবসায়ীরা জানান, জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন খরচ বেড়েছে। পাশাপাশি ধানের দাম বৃদ্ধি ও মৌসুমি প্রভাবও চালের বাজারে পড়েছে। সব মিলিয়ে গত এক সপ্তাহে ঢাকাসহ কয়েকটি জেলায় চালের দাম বেড়েছে।

চাল ব্যবসায়ী আরিফ বলেন, জ্বালানি তেলের দাম বাড়ায় ট্রাকভাড়াও বেড়েছে। পরিবহন খরচ বৃদ্ধির প্রভাব পড়ছে চালের দামে। এতে কয়েক ধরনের চালের বস্তাপ্রতি দাম ৫০ থেকে ১০০ টাকা বেড়েছে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪