বগুড়া প্রতিনিধি: বগুড়া শহরে দুই ট্রেনে কাটা পড়ে নারীর দেহ ছিন্নভিন্ন হয়ে গেছে। নিহত মমতা খাতুন (৩৩) ধুনট উপজেলার ছোট চাপড়া গ্রামের মোখলেছার রহমানের কন্যা। একটি ট্রেনে কাটা পড়ে তার নিথর দেহ রেললাইনে পড়েছিল। আরকটি ট্রেনে কাটা পড়লে মাংসপিণ্ড বিকৃত হয়।
শনিবার (১৭ অক্টোবর) সকালে নারুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তথ্য নিশ্চিত করেছেন বগুড়া রেলওয়ে স্টেশন মাস্টার সাজেদুর রহমান। ঘটনাটি দুর্ঘটনা অথবা আত্মহত্যা হিসেবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
জানা গেছে, সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী পদ্মরাগ (টি ওয়ান আপ) মেইল ট্রেন নারুলী এলাকা অতিক্রম করার সময় ওই নারী রেললাইনে ওঠে। ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রেললাইন থেকে মরদেহ সরিয়ে নেওয়ার আগেই আরেকটি ট্রেন আসে। আবারও কাটা পড়ে মাংসপিণ্ড ছিন্নভিন্ন হয়ে যায়।
স্টেশন মাস্টার সাজেদুর রহমান জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পদ্মরাগ ট্রেনে কাটা পড়া মরদেহ সরানোর আগেই ৪৯০/২ ডাউন কলেজ ট্রেন চলে আসে। দু'দফায় ট্রেনে কাটা পড়া নারীর বিকৃত মরদেহ উদ্ধার করে স্টেশনে আনা হয়।
রিপোর্টার্স২৪/ধ্রুব