| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে ছাড় নয়’ : এমপি মানিক

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৭, ২০২৬ ইং | ২৩:২১:৫৭:অপরাহ্ন  |  ৬৩১ বার পঠিত
‘দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে ছাড় নয়’ : এমপি মানিক

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের হাইমচরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ প্রার্থী হলে কিংবা ব্যক্তিস্বার্থে দলীয় প্রার্থীর পরাজয়ের কারণ হলে তাকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। একই সঙ্গে প্রার্থীদের অতীত কর্মকাণ্ড, মাদকের বিরুদ্ধে ভূমিকা, অন্যায় ও বিভিন্ন দরবার থেকে অর্থ নেওয়ার অভিযোগ যাচাই করে প্রার্থী মনোনয়নের কথা জানিয়েছেন তিনি।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় হাইমচর উপজেলা আদর্শ শিশু নিকেতন প্রাঙ্গণে উপজেলার ছয়টি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, দলের পক্ষ থেকে প্রতিটি ইউনিয়নে একজন করে প্রার্থী দেওয়া হবে। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ প্রার্থী হলে কিংবা ব্যক্তিগত স্বার্থে দলীয় প্রার্থীর পরাজয়ের কারণ হলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না।

ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, যারা ছাত্রদলের সঙ্গে জড়িত, তারা চেয়ারম্যান ও মেম্বার প্রার্থী হতে পারবেন না। তারা দলীয় প্রার্থীদের পক্ষে কাজ করবেন। বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের যেসব নেতাকর্মী ইউনিটপ্রধানের দায়িত্বে রয়েছেন, নির্বাচনে অংশ নিতে হলে তাদের পদ থেকে অব্যাহতি নিয়ে প্রার্থী হতে হবে।

সম্ভাব্য প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের বিষয়ে সংসদ সদস্য বলেন, গত ১৭ বছর রাজপথে যাদের দেখা গেছে, তাদের মধ্য থেকেই প্রার্থী বাছাই করা হবে। কে মাদকের বিরুদ্ধে কী ভূমিকা রেখেছেন, কে কী অন্যায় করেছেন এবং বিভিন্ন দরবার থেকে কে কত টাকা নিয়েছেন, সেসব বিষয় খতিয়ে দেখা হবে। প্রার্থীদের নিজের যোগ্যতা সম্পর্কে আত্মসমালোচনা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই বিচার করতে হবে- কে কতটুকু যোগ্য।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে শেখ ফরিদ আহমেদ মানিক আরও বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান কাউকে ফেলে দেননি। দলীয়ভাবে সবাইকে মূল্যায়ন করা হবে। তবে দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করে কেউ পরাজয়ের কারণ হলে তাকে ছাড় দেওয়া হবে না। হাইমচরে তারেক রহমানের চিন্তা-চেতনা ও পরিকল্পনা বাস্তবায়নে কাজ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্যাহ বেপারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিক পাটওয়ারীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী।

হাইমচর উপজেলার ছয়টি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪