অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগরে পূর্বশত্রুতার জেরে ভৈরব নদের তীরের মীর ঘাট দখলের চেষ্টা, সড়কে বাঁশের বেড়া দিয়ে পণ্যবাহী ট্রাক চলাচলে বাধা এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন মহাকাল গ্রামের মৃত নওফেল মীরের ছেলে আজিজুর রহমান (৪৫)।
রোববার (১৮ অক্টোবর) সকাল ১১টায় অভয়নগর রিপোর্টার্স ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে আজিজুর রহমান বলেন, ভৈরব নদের মহাকাল এলাকায় অবস্থিত মীর ঘাটটি দীর্ঘদিন ধরে বার্জ ও কার্গোর মাধ্যমে বিভিন্ন পণ্য লোড-আনলোডের কাজে ব্যবহৃত হয়ে আসছে। ওই ঘাটের একটি অংশের মালিকানা তাঁর রয়েছে। তবে ঘাটের মালিকানা নিজেদের নিয়ন্ত্রণে নিতে কয়েকজন ব্যক্তি তৎপরতা চালাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।
আজিজুর রহমানের অভিযোগ, যশোর সদর উপজেলার চাচড়া গ্রামের মৃত শাহাজান আলী মীরের ছেলে মোহাম্মদ মাসুম বিল্লাহ, অভয়নগরের মহাকাল গ্রামের মুনসুর আলী মীরের ছেলে মনজুরুল ইসলাম চঞ্চল (৪২), দিয়াপাড়া গ্রামের মৃত সামাদ শেখের ছেলে আনিসুর রহমান (৩৮) এবং ধোপাদি গ্রামের জাকির হোসেন দপ্তরী প্রায় ৪৫ দিন আগে যশোর-খুলনা মহাসড়ক থেকে রাজ টেক্সটাইল মিলের পাশ দিয়ে ভৈরব নদের দিকে যাওয়া সড়কে বাঁশের বেড়া দিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এতে ঘাটে পণ্য ওঠানো-নামানোর কাজে ব্যবহৃত ট্রাক চলাচল ব্যাহত হয়।
এ বিষয়ে তিনি সহকারী কমিশনার (ভূমি) বরাবর অভিযোগ করলে অভিযুক্তরা বাঁশের বেড়াটি সরিয়ে নেন বলে দাবি করেন আজিজুর রহমান। এর আগেও তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
আজিজুর রহমান আরও বলেন, তাঁর দাবি অনুযায়ী, প্রতিপক্ষের লোকজনের তৎপরতায় তিনি পুলিশি হয়রানির শিকার হচ্ছেন। নিরাপত্তাহীনতার কারণে বাড়িতে যেতে পারছেন না এবং স্বাভাবিক জীবনযাপনেও সমস্যার মুখে পড়েছেন। ঘাটে তাঁর মালিকানাধীন অংশ দখলে নেওয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। এ ছাড়া মনজুরুল ইসলাম চঞ্চল ও তাঁর সহযোগীরা তাঁকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে দাবি করেন আজিজুর রহমান।
অভিযোগের বিষয়ে জানতে মনজুরুল ইসলাম চঞ্চলের মুঠোফোনে কল করা হলে সাংবাদিক পরিচয় পাওয়ার পর তিনি কথা বলেননি।
অন্যদিকে, মোহাম্মদ মাসুম বিল্লাহ বলেন, আজিজুর রহমানের সঙ্গে তাঁর কোনো বিরোধ নেই। আজিজুরের সঙ্গে তাঁর চাচাতো ভাই চঞ্চলের বিরোধ রয়েছে বলে তিনি দাবি করেন।
তবে আজিজুর রহমানের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট অন্যদের বক্তব্য পাওয়া যায়নি।
রিপোর্টার্স২৪/রাফিদ