| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মজুরি বোর্ডের গেজেট রবিবার, পোশাকশ্রমিকদের কর্মস্থলে ফেরার আহ্বান মন্ত্রীর

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ৩১, ২০২৬ ইং | ১৬:৪১:৫৪:অপরাহ্ন  |  ১৪৩১ বার পঠিত
মজুরি বোর্ডের গেজেট রবিবার, পোশাকশ্রমিকদের কর্মস্থলে ফেরার আহ্বান মন্ত্রীর

রিপোর্টার্স২৪ ডেস্ক: তৈরি পোশাকশ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড গঠনের ঘোষণা দিয়ে রবিবার (১ নভেম্বর) গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। শনিবার মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

একই সঙ্গে শ্রমিকদের নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন মন্ত্রী। শ্রম ভবনে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, মজুরি বোর্ড গঠনের বিষয়ে শ্রমিকনেতাদের সঙ্গে শুক্রবার প্রায় পাঁচ ঘণ্টা আলোচনা হয়েছে। আলোচনার ভিত্তিতেই রবিবার এ বিষয়ে গেজেট প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, ‘মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত হয়েছে। বোর্ডে শ্রমিক প্রতিনিধিদের মনোনীত সদস্যদের তালিকাও পাওয়া গেছে।’

তিনি বলেন, মজুরি বোর্ড গঠন শ্রমিকদের অন্যতম প্রধান দাবি ছিল। সরকার সেই দাবি পূরণের উদ্যোগ নিয়েছে। তাই শ্রমিকদের এখন কাজে ফিরে যাওয়া উচিত।

মন্ত্রী জানান, নতুন মজুরি বোর্ডের মেয়াদ পাঁচ বছরের পরিবর্তে তিন বছর করার বিষয়ে মালিকপক্ষ সম্মতি দিয়েছে। মালিকদের পক্ষ থেকেও বোর্ডের জন্য প্রতিনিধি মনোনয়ন দেওয়া হয়েছে।

যেসব কারখানায় এখনো শ্রমিকদের বেতন ও অন্যান্য পাওনা পরিশোধ করা হয়নি, সেগুলো দ্রুত পরিশোধ নিশ্চিত করতে বিজিএমইএ ও বিকেএমইএকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে কারখানার মালিকদের অবস্থান তুলে ধরে মন্ত্রী বলেন, শ্রমিকদের দাবির বিষয়ে মালিকদের কোনো আপত্তি নেই। তবে কারখানা বন্ধ থাকলে উৎপাদন ও পণ্য রপ্তানির চালান ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

এতে বিদেশি ক্রেতাদের কাছ থেকে অর্থ পেতে বিলম্ব হতে পারে। ফলে সময়মতো শ্রমিকদের বেতন পরিশোধ করাও কঠিন হয়ে পড়তে পারে।

মিরপুরসহ বিভিন্ন এলাকায় শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী দাবি করেন, এসব কর্মসূচিতে প্রকৃত কারখানার শ্রমিকেরা জড়িত নন। বাইরে থেকে রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, সরকার গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে চায়। বিরোধ বা সমস্যা সমাধানে আলোচনাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। কাউকে পরিস্থিতি সংঘাতের দিকে ঠেলে দিতে দেওয়া হবে না।

মন্ত্রী আরো বলেন, বকেয়া বেতন-ভাতা পরিশোধ এবং মজুরি বোর্ড গঠনে সরকারের উদ্যোগের পর কারখানাগুলোতে স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ফিরে আসা উচিত।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪