বগুড়া প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ডাকবাংলো ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বগুড়া জেলা পরিষদের অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৬৫ লাখ ৬৩ হাজার ৮৫৯ টাকা।
মঙ্গলবার (৩ নভেম্বর) নন্দীগ্রাম উপজেলা পরিষদ চত্বরে নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন এবং জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির।
এ সময় উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি ত্বরান্বিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। সংসদ সদস্য মোশারফ হোসেন বলেন, বিএনপি সরকারের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের বিতর্ক এড়িয়ে সর্বোচ্চ পেশাদারত্ব ও আন্তরিকতার সঙ্গে সরকারি দায়িত্ব পালনের জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) গোলাম মো. শাহনেওয়াজ, নির্বাহী কর্মকর্তা মৌসুমী হক, নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল মাহমুদ লিটন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ গাজিউল হক, নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার ফজলুল করিম।
এ ছাড়া পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও যুবদল সংগঠক আব্দুর রউফ রুবেলসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এর আগে উপজেলা পরিষদের হলরুমে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।
রিপোর্টার্স২৪/রাফিদ