| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৩ আগস্ট শহীদ মিনারে এনসিপির ইশতেহার ঘোষণা: নাহিদ ইসলাম

reporter
  • আপডেট টাইম: Jul ০৪, ২০২৫ ইং | ১৬:০৬:২৬:অপরাহ্ন  |  ১৭৩৩৭২৩ বার পঠিত
৩ আগস্ট শহীদ মিনারে এনসিপির ইশতেহার ঘোষণা: নাহিদ ইসলাম
ছবির ক্যাপশন: বক্তব্য রাখছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম । শুক্রবার ঠাকুরগাঁওয়ে। ছবি : সংগৃহীত

ঠাকুরগাঁও প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, আগামী ৩ আগস্ট জাতীয় শহীদ মিনারে দলীয় ইশতেহার ও জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে।

১ থেকে ৩০ জুলাই পর্যন্ত দেশব্যাপী 'দেশ গড়তে জুলাই পদযাত্রার কর্মসূচি'র অংশ হিসেবে শুক্রবার (৪ জুলাই) বিকাল সোয়া ৩টার দিকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরের পূর্ব চৌরাস্তায় এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, 'গত বছর ৩ আগস্ট ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা মুক্তির ঘোষণা দিয়েছিলাম। এবারের ৩ আগস্টে আমরা যে ইশতেহার দিব, সেই ইশতেহারে বাংলাদেশের মানুষের মুক্তির সনদ ও মুক্তির রূপরেখা থাকবে।'

তিনি বলেন, 'বাংলাদেশের ৫৪ বছরে আপনারা বহু দল দেখেছেন, বহু রাজনীতিবিদ দেখেছেন। ১৬ বছরে বহু রাজনীতি দেখেছেন, কিন্তু আপনাদের মুক্তি দিয়েছিল এই ছাত্র-তরুণরা। এই ছাত্র-তরুণদের উপর ভরসা রাখুন। স্বৈরাচারের ও ফ্যাসিবাদের এই যে রাষ্ট্র কাঠামো—সেটা আমরা পরিবর্তন করব। নতুন করে কাউকে স্বৈরাচার হতে দেব না। এটা আপনাদের কাছে আমাদের অঙ্গীকার।'

তিনি আরও বলেন, নতুন দেশ গড়ার লক্ষ্যে আমরা গত বছর জুলাই গণ অভ্যুত্থান করেছিলাম। স্বৈরাচারী হাসিনার পতন হয়েছিল। সেই অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল।

তিনি জুলাই পদযাত্রায় ছাত্র জনতাকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, 'যতবার ছাত্রজনতা এগিয়ে এসেছে ততবার দেশ বেঁচে গিয়েছে। আমরা এখন লড়াই করছি দেশ গঠনের, নতুন বাংলাদেশ গঠনের। যেখানে আর বৈষম্য থাকবে না, যেখানে আর ফ্যাসিবাদ থাকবে না। যেখানে অন্যায় চাঁদাবাজ থাকবে না।'

তিনি আরও বলেন, 'এনসিপির উপর ভরসা রাখুন, আমরা স্বৈরাচার ও ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গড়ব। যেখানে নতুন করে আর কাউকে স্বৈরাচার হতে দেব না।'

এ সময় উপস্থিত ছিলেন, এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা.তাসনিম জারা ও ঠাকুরগাঁও জেলার প্রধান সমন্বয়ক গোলাম মুর্তজা সেলিমসহ স্থানীয় নেতাকর্মীরা।


রিপোর্টার্স ২৪/এমবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪