ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে পৃথক দুটি অভিযানে ছয় কেজি গাঁজা, ৬৩টি ইয়াবা ও ১৯টি টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় এক বাসযাত্রী এবং একই পরিবারের তিন তরুণসহ চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মঙ্গলবার রাতে সদর উপজেলার খোচাবাড়ী বাজার এলাকায় ঢাকা থেকে পঞ্চগড়গামী নাবিল পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে মো. জিলানী মিয়া (৩০) নামের এক যাত্রীর ব্যাগ থেকে ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য এক লাখ ২০ হাজার টাকা।
অন্যদিকে, একই রাতে সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের চোংগাখাতা গ্রামে একটি বাড়িতে অভিযান চালিয়ে শোয়েব শাহ (২৪), তাঁর ভাই শ্রাবণ শাহ (১৯) ও আলিফ শাহ (১৮) নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ৬৩টি ইয়াবা ও ১৯টি টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
পৃথক দুটি ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেপ্তার চারজনকে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
রিপোর্টার্স২৪/ধ্রুব