রাজীব আহমেদ: ১৯৭১ সালের একটি গ্রামের বাড়ির দৃশ্য কল্পনা করুন। বাইরে যুদ্ধের ভয়াবহতায় কাঁপছে দেশ। ঘরের ভেতর একটি রেডিও ঘিরে বসে আছেন পরিবারের সদস্যরা। রেডিও থেকে ভেসে আসছে পরিচিত কোনো কণ্ঠস্বর, দেশাত্মবোধক গান কিংবা স্বাধীনতার স্বপ্ন জাগানো কবিতা। সেই কণ্ঠ ও সুর যেন ঘরের সীমানা ছাড়িয়ে পৌঁছে যাচ্ছে মানুষের হৃদয়ে। যুদ্ধের বিভীষিকার মধ্যেও তা জোগাচ্ছে সাহস, বাঁচিয়ে রাখছে আশা, আর জাগিয়ে রাখছে দেশ ও মানুষের প্রতি গভীর আত্মিক টান।
বাংলাদেশের প্রত্যন্ত জনপদ থেকে শুরু করে সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নেওয়া লাখো শরণার্থীর কাছেও সংগীত হয়ে উঠেছিল সাহস ও শক্তির উৎস। মুক্তিযোদ্ধারা যখন রণাঙ্গনে অস্ত্র হাতে স্বাধীনতার জন্য লড়ছিলেন, তখন শিল্পী, সংগীতশিল্পী, কবি ও বেতারকর্মীরাও তাঁদের নিজ নিজ অবস্থান থেকে চালিয়ে যাচ্ছিলেন আরেক লড়াই। সেটি ছিল সংস্কৃতি ও মানুষের মনোজগতের লড়াই। গান, কবিতা, আবৃত্তি ও বেতারের কণ্ঠে তাঁরা ছড়িয়ে দিচ্ছিলেন মুক্তির আকাঙ্ক্ষা, জাগিয়ে তুলছিলেন প্রতিরোধের চেতনা। লক্ষ্য ছিল অভিন্ন—একটি স্বাধীন বাংলাদেশ।
মুক্তিযুদ্ধ তাই কেবল সামরিক কিংবা রাজনৈতিক সংগ্রাম ছিল না; এটি ছিল বাঙালির সাংস্কৃতিক আত্মপ্রকাশেরও এক ঐতিহাসিক অধ্যায়। এ ভূখণ্ডের মানুষের সামষ্টিক পরিচয় গড়ে উঠেছিল দীর্ঘদিনের ভাষা, সাহিত্য, সংগীত ও শিল্প-ঐতিহ্যের মধ্য দিয়ে। পাকিস্তানি শাসনামলে বছরের পর বছর রাজনৈতিক ও সাংস্কৃতিক বৈষম্যের শিকার হতে হতে বাঙালির নিজস্ব পরিচয় রক্ষার সংকল্প আরও দৃঢ় হয়েছিল। ১৯৭১ সালে সেই সাংস্কৃতিক চেতনা স্বাধীনতার আন্দোলনের অবিচ্ছেদ্য শক্তিতে পরিণত হয়।
এই সাংস্কৃতিক প্রতিরোধের অন্যতম প্রধান শক্তি ছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। ১৯৭১ সালের মার্চে চট্টগ্রামের কালুরঘাট বেতার সম্প্রচারকেন্দ্র থেকে এর যাত্রা শুরু হয়। পরে কেন্দ্রটি আগরতলা হয়ে কলকাতায় স্থানান্তরিত হয়। অল্প সময়ের মধ্যেই এটি মুক্তিযুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ কণ্ঠস্বরে পরিণত হয়।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সম্প্রচার মুক্তিযোদ্ধা, বাস্তুচ্যুত পরিবার এবং দখলদার বাহিনীর নিয়ন্ত্রণে থাকা এলাকার মানুষের মধ্যে এক গুরুত্বপূর্ণ সংযোগ তৈরি করেছিল। এর মাধ্যমে পৌঁছে যেত যুদ্ধের খবর, সাহস জোগানো বার্তা, দেশাত্মবোধক গান ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে এর ভূমিকা কেবল সংবাদ ও বিনোদন প্রচারের মধ্যে সীমাবদ্ধ ছিল না। নির্ভরযোগ্য তথ্যের অভাব, চারদিকে আতঙ্ক আর অনিশ্চয়তার সেই কঠিন সময়ে বেতারের প্রতিটি বার্তা মানুষকে মানসিক শক্তি ও ভরসা জুগিয়েছিল। অনেকের কাছে এই বেতারই ছিল আশার এক নির্ভরযোগ্য ঠিকানা।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সাংস্কৃতিক অবদান বিশেষভাবে স্মরণযোগ্য। এর অনুষ্ঠানমালায় সংগীত, কবিতা আবৃত্তি, রাজনৈতিক ভাষ্য ও ব্যঙ্গ-বিদ্রূপের এক অনন্য সমন্বয় ঘটেছিল। এম আর আখতার মুকুলের উপস্থাপনায় ‘চরমপত্র’ এবং ‘জল্লাদের দরবার’-এর মতো অনুষ্ঠান হাস্যরসের আড়ালে তীক্ষ্ণ রাজনৈতিক বক্তব্য তুলে ধরত। এসব অনুষ্ঠান মানুষের মনোবল ধরে রাখতে এবং মুক্তিযুদ্ধের পক্ষে জনমত জাগিয়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
‘জয় বাংলা, বাংলার জয়’, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’, ‘মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি’ এবং ‘এক সাগর রক্তের বিনিময়ে’র মতো দেশাত্মবোধক গান মুক্তিযুদ্ধের সঙ্গে গভীরভাবে জড়িয়ে যায়। এসব গানে স্বাধীন ভূখণ্ড প্রতিষ্ঠার স্বপ্নে ঐক্যবদ্ধ একটি জাতির আশা, আকাঙ্ক্ষা ও আবেগের প্রকাশ ঘটেছিল। সময়ের পরিক্রমায় এসব গানের আবেদন কমেনি; বরং সেগুলো মুক্তিযুদ্ধের স্মৃতি ও চেতনাকে প্রজন্ম থেকে প্রজন্মে বহন করে চলেছে। ইতিহাসের অভিজ্ঞতা বলে, যে সংগীত একটি জাতির সংগ্রামের অংশ হয়ে ওঠে, তা সেই সময় ও পরিস্থিতি পেরিয়েও মানুষের স্মৃতিতে বেঁচে থাকে।
তবে ১৯৭১ সালের সাংস্কৃতিক প্রতিরোধ কখনোই বেতারকেন্দ্রের স্টুডিওর চার দেয়ালে সীমাবদ্ধ ছিল না। শিল্পীরা সরাসরি মানুষের কাছে পৌঁছে গিয়েছিলেন। শরণার্থীশিবির থেকে শুরু করে মুক্তাঞ্চল—যেখানেই মানুষের উপস্থিতি, সেখানেই তাঁরা গান, নাটক ও সাংস্কৃতিক পরিবেশনা নিয়ে হাজির হয়েছেন।
সঞ্জীদা খাতুন ও ওয়াহিদুল হকের মতো সাংস্কৃতিক কর্মীদের উদ্যোগে গড়ে ওঠে বাংলাদেশ মুক্তিসংগ্রামী শিল্পী সংস্থা। সংগঠনটি বিভিন্ন শরণার্থীশিবির ও মুক্তাঞ্চলে ভ্রাম্যমাণ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করত। এর সদস্যরা দেশাত্মবোধক গান গাইতেন, মঞ্চস্থ করতেন নাটক, আয়োজন করতেন পুতুলনাচের। তাঁদের পরিবেশনার লক্ষ্য ছিল মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করা এবং যুদ্ধের কারণে ঘরবাড়ি হারানো সাধারণ মানুষের মনে সাহস ও আশার সঞ্চার করা।
এই শিল্পীদের মধ্যে ছিলেন সংগীতশিল্পী শাহীন সামাদ। তাঁর পরিবেশনা শরণার্থীশিবিরের জন্য অর্থ সংগ্রহে সহায়তা করেছিল। একই সঙ্গে যুদ্ধের কঠিন বাস্তবতার মধ্য দিয়ে যাওয়া মানুষের মনোবল জোগাতেও রেখেছিল গুরুত্বপূর্ণ ভূমিকা।
তাঁদের এই অবদান মুক্তিযুদ্ধের একটি গুরুত্বপূর্ণ সত্য তুলে ধরে। স্বাধীনতার সংগ্রাম কোনো একটি শ্রেণি, পেশা কিংবা নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ ছিল না। সমাজের নানা স্তরের মানুষ নিজ নিজ অবস্থান ও সামর্থ্য থেকে এই লড়াইয়ে শামিল হয়েছিলেন। কেউ অস্ত্র হাতে রণাঙ্গনে, কেউ গান, কবিতা, নাটক কিংবা শিল্পের মাধ্যমে—সবাই যার যার জায়গা থেকে কাজ করেছিলেন একটি স্বাধীন দেশের স্বপ্ন বাস্তবায়নে।
এই সাংস্কৃতিক জাগরণে কবিতার ভূমিকাও ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাঙালির সাহিত্য-ঐতিহ্যে প্রতিরোধ, আত্মপরিচয় ও সামাজিক সচেতনতার এক শক্তিশালী ধারা আগে থেকেই গড়ে উঠেছিল। রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্মের পাশাপাশি সমকালীন কবিতা এবং স্বাধীনতার আন্দোলনকে ঘিরে রচিত গান মানুষের আশা, স্বপ্ন ও আকাঙ্ক্ষা প্রকাশের ভাষা হয়ে উঠেছিল।
বেতারে কবিতা আবৃত্তি কিংবা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতার পরিবেশনা মানুষের ব্যক্তিগত আবেগকে এক সম্মিলিত জাতীয় চেতনায় রূপ দিতে সাহায্য করেছিল। রাজনৈতিক মুক্তির আকাঙ্ক্ষা এভাবেই ছড়িয়ে পড়েছিল মানুষের হৃদয়ে, হয়ে উঠেছিল সবার অভিন্ন অনুভূতি।
১৯৭১ সালের শিল্পী ও সাংস্কৃতিক কর্মীরা বাঙালির এই সমৃদ্ধ ঐতিহ্য থেকেই শক্তি ও প্রেরণা নিয়েছিলেন। তবে তাঁরা সেই ঐতিহ্যকে নতুন তাৎপর্য দিয়েছিলেন। তাঁদের গান, কবিতা, আবৃত্তি ও শিল্পচর্চার মূল লক্ষ্য হয়ে উঠেছিল মাতৃভূমির মুক্তি এবং স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠা।
মুক্তিযুদ্ধের চলচ্চিত্রও স্বাধীনতার সংগ্রামকে দেশের ভৌগোলিক সীমানার বাইরে আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে দিয়েছিল। এ ক্ষেত্রে জহির রায়হানের প্রামাণ্যচিত্র স্টপ জেনোসাইড (১৯৭১) এক অনন্য দৃষ্টান্ত। এই চলচ্চিত্রের মধ্য দিয়ে তিনি দেখিয়েছিলেন, কীভাবে চলচ্চিত্র নির্মাণ আন্তর্জাতিক জনমত গড়ে তোলার শক্তিশালী মাধ্যম হয়ে উঠতে পারে।
প্রামাণ্যচিত্রের দৃশ্য ও বর্ণনার মাধ্যমে জহির রায়হান বাংলাদেশের মানুষের ওপর সংঘটিত নৃশংসতা এবং দেশজুড়ে ছড়িয়ে পড়া মানবিক বিপর্যয়ের চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরতে চেয়েছিলেন। তাঁর এই কাজ প্রমাণ করেছিল, একটি ক্যামেরাও ইতিহাসের সাক্ষী হতে পারে। চলচ্চিত্রের পর্দা পেরিয়ে নিপীড়িত মানুষের আর্তনাদ ও মুক্তির আকাঙ্ক্ষা পৌঁছে যেতে পারে আন্তর্জাতিক দর্শকের কাছে। এভাবেই স্টপ জেনোসাইড মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্বজনমত গড়ে তোলার সাংস্কৃতিক লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
চলচ্চিত্রের মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার আরেকটি অসাধারণ প্রয়াস মুক্তির গান। তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ পরিচালিত এই প্রামাণ্যচিত্রটি মুক্তি পায় ১৯৯৫ সালে। ১৯৭১ সালে মার্কিন চলচ্চিত্র নির্মাতা লিয়ার লেভিনের ধারণ করা মূল ফুটেজের ওপর ভিত্তি করে নির্মিত ছবিটিতে বাংলাদেশের মুক্তিসংগ্রামী শিল্পী সংস্থার ভ্রাম্যমাণ সাংস্কৃতিক দলের কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে। শরণার্থীশিবির ও মুক্তাঞ্চলে ঘুরে ঘুরে কীভাবে তাঁরা মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের জন্য গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেছিলেন, সেই ইতিহাসই উঠে এসেছে এতে।
তরুণ সংগীতশিল্পী, পরিবেশক এবং সাধারণ মানুষের জীবনের নানা মুহূর্ত ধারণ করেছে মুক্তির গান। এসব দৃশ্য মুক্তিযুদ্ধের এমন এক মানবিক ও সাংস্কৃতিক দিক সামনে নিয়ে আসে, যা প্রচলিত সামরিক ইতিহাসের আলোচনায় অনেক সময় আড়ালেই থেকে যায়। চলচ্চিত্রটি সেই সময়ের সাংস্কৃতিক কর্মীদের অবদান ও অভিজ্ঞতাকে নতুন করে মানুষের স্মৃতিতে ফিরিয়ে এনেছে। একই সঙ্গে পরবর্তী প্রজন্মকে দেখার সুযোগ করে দিয়েছে, কীভাবে স্বাধীনতার সংগ্রামে শিল্প, দেশপ্রেম ও মানুষের মুক্তির আকাঙ্ক্ষা একসূত্রে মিলেছিল।
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের সংকট ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে যে সাংস্কৃতিক সংহতি গড়ে উঠেছিল, তা-ও বিশেষভাবে স্মরণযোগ্য। ১৯৭১ সালের ১ আগস্ট নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে জর্জ হ্যারিসন ও রবিশঙ্করের উদ্যোগে আয়োজন করা হয় ঐতিহাসিক ‘কনসার্ট ফর বাংলাদেশ’। বিশ্বের খ্যাতিমান সংগীতশিল্পীদের অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের শরণার্থী ও বিপর্যস্ত মানুষের সহায়তায় অর্থ সংগ্রহ করা হয়। একই সঙ্গে বাংলাদেশের মানবিক সংকটের বিষয়টি বিশ্ববাসীর নজরে আসে।
এই আয়োজন প্রমাণ করেছিল, সংগীতের আবেদন কোনো দেশের সীমানায় আটকে থাকে না। সুর ও শিল্পের শক্তি বিশ্বের নানা প্রান্তের মানুষকে একত্র করতে পারে, জাগিয়ে তুলতে পারে আন্তর্জাতিক জনমত। স্বাধীনতা ও অস্তিত্ব রক্ষার সংগ্রামে লিপ্ত একটি মানুষের পাশে দাঁড়াতে সংগীত যে কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে, ‘কনসার্ট ফর বাংলাদেশ’ তারই এক ঐতিহাসিক দৃষ্টান্ত হয়ে আছে।
স্বাধীনতার পাঁচ দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও ১৯৭১ সালের সাংস্কৃতিক উত্তরাধিকার বাংলাদেশের জাতীয় জীবনে আজও গভীরভাবে জড়িয়ে আছে। এর সবচেয়ে স্থায়ী ও আবেগময় প্রকাশ সম্ভবত জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’। রবীন্দ্রনাথ ঠাকুর ১৯০৫ সালে গানটি রচনা করেছিলেন। বঙ্গভঙ্গবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে বাংলার প্রতি গভীর ভালোবাসা ও মমত্ববোধ থেকে রচিত এই গান মুক্তিযুদ্ধের সময় নতুন করে জাতীয় তাৎপর্য লাভ করে।
১৯৭২ সালের ‘বাংলাদেশের জাতীয় সংগীত, পতাকা ও প্রতীক আদেশ’-এর মাধ্যমে গানটির প্রথম ১০ পঙ্ক্তি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে নির্ধারিত হয়। আজও জাতীয় পর্যায়ের বিভিন্ন অনুষ্ঠানে স্কুলশিক্ষার্থী, সশস্ত্র বাহিনীর সদস্য, কূটনীতিক ও সাধারণ মানুষ যখন সমবেত কণ্ঠে এই গান গেয়ে ওঠেন, তখন তা কেবল একটি আনুষ্ঠানিক পরিবেশনা হয়ে থাকে না। বরং এর মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে আবারও ফিরে আসে বাংলার ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে স্বাধীনতার গভীর সম্পর্কের স্মৃতি। একই সঙ্গে স্মরণ করিয়ে দেয়, দীর্ঘ সংগ্রাম ও অসংখ্য ত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতার শিকড় কত গভীরে প্রোথিত।
এই সাংস্কৃতিক উত্তরাধিকারকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে আরও আন্তরিক ও সুপরিকল্পিত উদ্যোগ প্রয়োজন। স্কুল ও বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস পড়ানোর ক্ষেত্রে শুধু রাজনৈতিক ঘটনাপ্রবাহ কিংবা রণাঙ্গনের বিবরণে সীমাবদ্ধ থাকলে চলবে না। ১৯৭১ সালের গান, কবিতা, চলচ্চিত্র ও চিত্রকলার সঙ্গেও শিক্ষার্থীদের পরিচিত হওয়ার সুযোগ তৈরি করতে হবে। কারণ এসব শিল্পমাধ্যমের মধ্যেও মুক্তিযুদ্ধের ইতিহাস, মানুষের আবেগ, স্বপ্ন ও আত্মত্যাগের বহু অনুচ্চারিত গল্প ছড়িয়ে আছে।
সরকারি বেতার ও টেলিভিশন সম্প্রচারমাধ্যমগুলো তাদের সংরক্ষণাগারে থাকা মূল রেকর্ডিং সংরক্ষণের পাশাপাশি নিয়মিতভাবে প্রচারের উদ্যোগ নিতে পারে। একই সঙ্গে জাতীয় আর্কাইভ, জাদুঘর ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় গড়ে তুলে দুর্লভ অডিও রেকর্ডিং, পাণ্ডুলিপি, আলোকচিত্র, প্রামাণ্যচিত্র এবং প্রত্যক্ষদর্শীদের ব্যক্তিগত স্মৃতিচারণ ডিজিটাল মাধ্যমে সংরক্ষণ করা প্রয়োজন। এসব উদ্যোগ দেশের সাংস্কৃতিক ইতিহাসকে দীর্ঘমেয়াদে সুরক্ষিত রাখবে। পাশাপাশি দেশের বাইরে অবস্থানরত বাংলাদেশি শিল্পী, গবেষক ও ইতিহাসবিদদের জন্যও এই মূল্যবান ঐতিহাসিক উপকরণ ব্যবহারের সুযোগ বাড়াবে।
নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের উত্তরাধিকার বলতে শুধু কিছু তারিখ, ঘটনা কিংবা যুদ্ধের বিবরণ পৌঁছে দিলেই চলবে না। তাদের জানতে হবে সেই গানগুলোর কথা, যা মুক্তিযোদ্ধাদের সাহস জুগিয়েছিল; সেই কণ্ঠস্বরগুলোর কথা, যা বেতারের মাধ্যমে পৌঁছে গিয়েছিল লাখো মানুষের কাছে; সেই ভ্রাম্যমাণ শিল্পীদের কথা, যাঁরা শরণার্থীশিবিরে ঘুরে ঘুরে গান ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে মানুষকে প্রেরণা জুগিয়েছিলেন। জানতে হবে সেই চলচ্চিত্র নির্মাতাদের কথাও, যাঁরা ক্যামেরায় ধারণ করেছিলেন একটি স্বাধীন রাষ্ট্রের জন্মের ইতিহাস।
অসীম সাহস ও আত্মত্যাগের মধ্য দিয়ে জন্ম হয়েছিল বাংলাদেশের। মুক্তিযোদ্ধাদের অদম্য সংকল্প ও বীরত্বে রচিত হয়েছে স্বাধীনতার ইতিহাস। সেই ইতিহাস আবার গান, কবিতা, নাটক, চলচ্চিত্র ও শিল্পের নানা মাধ্যমে তুলে ধরেছিলেন এমন একদল মানুষ, যাঁরা অন্যায়ের মুখে নীরব থাকতে চাননি। তাঁদের সৃজনশীল ভূমিকা ও অবদান বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ।
অস্ত্র দিয়ে হয়তো একটি যুদ্ধের জয় নিশ্চিত করা যায়, কিন্তু একটি গান সেই যুদ্ধের স্মৃতি, ত্যাগ আর চেতনাকে বাঁচিয়ে রাখতে পারে প্রজন্মের পর প্রজন্ম। ১৯৭১ সালের গানগুলো আজও আমাদের মনে করিয়ে দেয়, বাংলাদেশের স্বাধীনতা কেবল একটি ভূখণ্ড অর্জনের লড়াই ছিল না। এ ছিল নিজের ভাষায় কথা বলার অধিকার, নিজস্ব সংস্কৃতি ও পরিচয় রক্ষা এবং স্বাধীনভাবে বেঁচে থাকার স্বপ্ন পূরণের সংগ্রাম। তাই আজও যখন কোনো জাতীয় আয়োজনে কিংবা বিজয় দিবসের অনুষ্ঠানে মানুষ সেই গানগুলো গেয়ে ওঠে, তখন শুধু অতীতের স্মৃতিই ফিরে আসে না, নতুন করে জেগে ওঠে মুক্তিযুদ্ধের চেতনা। সময় বদলায়, প্রজন্ম বদলায়, কিন্তু সেই গানগুলোর মধ্য দিয়ে স্বাধীনতার আকাঙ্ক্ষা ও মুক্তিযুদ্ধের আবেগ বারবার নতুন করে প্রাণ ফিরে পায়।
সম্পাদক, geopolits.com
রিপোর্টার্স২৪/ঝুম