ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় প্রতিপক্ষের অন্তত ২০টি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার দোহারো গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দোহারো গ্রামের সাবেক ইউপি সদস্য উজির আলী মোল্লা এবং ইউনিয়ন যুবদল নেতা মেহেদী হাসান বাবুর সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে সোমবার বিকেলে উভয় পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে অন্তত ১০ জন আহত হন।
সংঘর্ষের একপর্যায়ে প্রতিপক্ষের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালানো হয়। এতে অন্তত ২০টি বাড়িঘর ও দোকান ক্ষতিগ্রস্ত হয়। ভাঙচুর করা হয় ঘরের আসবাবপত্র, টেলিভিশনসহ বিভিন্ন মালামাল।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নতুন করে সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
রিপোর্টার্স২৪/রাফিদ