| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গোপালগঞ্জে পরীক্ষা নেব কীভাবে, দুশ্চিন্তায় দিন কাটছে: শিক্ষামন্ত্রী

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৮, ২০২৬ ইং | ১৮:৩৫:৩৫:অপরাহ্ন  |  ২৯৩৮ বার পঠিত
গোপালগঞ্জে পরীক্ষা নেব কীভাবে, দুশ্চিন্তায় দিন কাটছে: শিক্ষামন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: আগামী ২ ডিসেম্বর এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের বিশেষ পরীক্ষার আয়োজন নিয়ে প্রস্তুতি নিচ্ছে সরকার। তবে বিপুলসংখ্যক পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়ার প্রস্তুতির পাশাপাশি গোপালগঞ্জে পরীক্ষা আয়োজন নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, এবার প্রায় ২ লাখ ৯০ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে উদ্বেগ থাকলেও নির্ধারিত সময়েই পরীক্ষা নেওয়া হবে।

শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরের সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি ও উচ্চশিক্ষার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলনে’ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

গোপালগঞ্জে পরীক্ষা আয়োজনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে শিক্ষামন্ত্রী বলেন, ২ লাখ ৯০ হাজার পরীক্ষার্থী পরীক্ষা দেবে, জানি না কতজন পাস করবে। তার মধ্যে আবার সমস্যা রয়েছে। গোপালগঞ্জ জেলায় পরীক্ষা নেব কীভাবে, দুশ্চিন্তায় দিনাতিপাত পার করছি। তারপরও পরীক্ষা নিচ্ছি আমরা।

শিক্ষামন্ত্রী বলেন, এক বা দুটি বিষয়ে অকৃতকার্য হওয়ার কারণে শিক্ষার্থীদের যেন বছরের পর বছর অপেক্ষা করতে না হয়, সে লক্ষ্যেই রেফার্ড শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, আমরা চাই না, রেফার্ড নিয়ে বা একটি-দুটি বিষয়ে ফেল করার কারণে তারা বছর পর বছর বসে থাকুক এবং মাদকাসক্ত হোক, মোবাইল আসক্ত হোক। আমরা এটা চাই না। তাই এই শিক্ষাব্যবস্থায় আমরা রেফার্ড পরীক্ষা নিয়ে নিয়েছি।

তিনি জানান, আগামী ২ ডিসেম্বর রেফার্ড পাওয়া শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে প্রায় ২ লাখ ৯০ হাজার পরীক্ষার্থী অংশ নেবেন। ইতোমধ্যে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে এবং সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ভর্তির ব্যবস্থাও করা হয়েছে।

দেশের শিক্ষাব্যবস্থার বিভিন্ন অসংগতি তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, অতীতে যথাযথ পরিকল্পনা ছাড়াই দেশের বিভিন্ন স্থানে শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। কোথাও প্রয়োজনের তুলনায় বেশি প্রতিষ্ঠান স্থাপন করা হয়েছে, আবার কোথাও প্রয়োজন থাকা সত্ত্বেও প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। ফলে শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার সুযোগের মধ্যে ভারসাম্যহীনতা তৈরি হয়েছে।

তিনি বলেন, ‘আজকে (ঢাকা বিশ্ববিদ্যালয়ের) সলিমুল্লাহ হলের বিল্ডিং ভেঙে পড়েছে, খোঁজ নেওয়ার লোক নেই। এটি ছিল বিগত সময়ে শিক্ষাব্যবস্থার উন্নয়ন।’

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে বিভিন্ন বিষয়ে পাঠদানের অনুমোদন দেওয়ার ক্ষেত্রেও যথাযথ পরিকল্পনার অভাব রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘একটি কলেজে গিয়ে দেখলাম একজন শিক্ষক, তিনজন ছাত্র—এমন কলেজও দেখেছি। বিষয় খোলা হয়েছে, শিক্ষক রয়েছে, কিন্তু ছাত্র নেই। আজকে আমরা জানি, অনেক ইউনিভার্সিটিতে অনার্স খোলা হয়েছে। আমার কাছে সেই রিপোর্ট রয়েছে। সেই অনার্সে শিক্ষক আছে তো ছাত্র নেই, আবার কোথাও ছাত্র আছে তো শিক্ষক নেই। এই অবস্থা আমাদের হয়েছে।’

তাঁর মতে, উচ্চশিক্ষার ক্ষেত্রে চাহিদা, শিক্ষার্থীসংখ্যা ও প্রয়োজনীয় শিক্ষক বিবেচনা না করে নতুন বিষয় চালু করার ফলে শিক্ষাব্যবস্থায় নানা ধরনের সংকট তৈরি হয়েছে। পুনর্নিরীক্ষণে ৪২ হাজার খাতার গ্রেড পরিবর্তন, শিক্ষকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান

পরীক্ষার খাতা মূল্যায়নের মান নিয়েও অসন্তোষ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, এসএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের পর ৪২ হাজার খাতার গ্রেড পরিবর্তন হয়েছে। একইভাবে এইচএসসি পরীক্ষার ফলেও পুনর্নিরীক্ষণের পর উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।

এত বিপুলসংখ্যক খাতার গ্রেড পরিবর্তনের ঘটনায় শিক্ষকদের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘এসএসসি পরীক্ষায় আমরা খাতা নিয়ে পরীক্ষা করেছি। ৪২ হাজার খাতার গ্রেড চেঞ্জ হয়েছে। কারা এই খাতা দেখেছিল? আমাদের শিক্ষকরাই তো দেখেছিল। পুনর্নিরীক্ষণের ফলে যদি এত গ্রেড পরিবর্তন হয়, তাহলে শিক্ষকদের এই জায়গাটিতে দৃষ্টি দিতে হবে না?’

শিক্ষার্থীদের পাসের হার কম হওয়ার পেছনে শিক্ষা মন্ত্রণালয় ও সামগ্রিক শিক্ষাব্যবস্থার কোনো দায় রয়েছে কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।

অধ্যক্ষদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা কম হলেও তাদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। শিক্ষার গুণগত মান উন্নয়নের পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোতে যেন নতুন করে সেশনজট তৈরি না হয়, সেদিকেও নজর দিতে হবে।

তিনি বলেন, শিক্ষকদের বিভিন্ন যৌক্তিক দাবি ও সুযোগ-সুবিধার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। শিক্ষকদের ন্যায্য দাবিগুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। তবে শিক্ষকদের ক্লাস বন্ধ রেখে রাজপথে আন্দোলনে না যাওয়ার আহ্বান জানান তিনি।

এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষক দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছিলেন, যৌক্তিক দাবির জন্য শিক্ষকদের রাজপথে আসতে হবে না। আমিও তার সঙ্গে সুর মিলিয়ে বলছি, দায়িত্ব আমাকে দিয়েছেন। আমরা আপনাদের যৌক্তিক দাবি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করব এবং প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করব। কিন্তু আপনারা সরকারি শিক্ষক, এমপিওভুক্ত শিক্ষক ক্লাস বাদ দিয়ে আপনাদের দাবি আদায়ের জন্য রাজপথে আসবেন না।’

শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং উচ্চশিক্ষার বিদ্যমান সমস্যাগুলো সমাধানে সরকার কাজ করতে চায়। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকদের সহযোগিতা প্রয়োজন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪