সিনিয়র রিপোর্টার : চাঁদা না দেওয়ায় পুরান ঢাকায় এক ভাঙারি ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা নিয়ে দেশজুড়ে ক্ষোভ-বিক্ষোভের মধ্যে এবার পল্লবীতে একই কারণে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। শুক্রবার (১২ জুলাই) বিকেল ৫টায় পল্লবীর আলব্দিরটেক এলাকায় ৩০ থেকে ৪০ জন লোক এ কে বিল্ডার্স নামের আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে হামলা চালায়।
এ সময় চারটি গুলি করা হয়। গুলিতে শরিফুল ইসলাম নামে প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা আহত হয়েছেন। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, বেশ কয়েকজন লোক দেশীয় অস্ত্রশস্ত্রসহ হামলা চালায়। তারা দৌড়ে সামনের দিকে যা”িছলেন। এর মধ্যে একজনের হাতে বন্দুক ছিল, তাকে গুলি চালাতেও দেখা যায়। একপর্যায়ে একজন গুলিবিদ্ধ হয়ে পড়ে যান।
এ কে বিল্ডার্সের চেয়ারম্যান মো. কাইউম আলী খানের ছেলে আমিমুল এহসান গণমাধ্যমকে বলেন, তিন সপ্তাহ আগে জামিল নামের এক ব্যক্তি তার বাবার কাছে ৫ কোটি টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় দুই দফায় তাদের প্রতিষ্ঠানে হামলা করে সিসি ক্যামেরাসহ অনেক কিছু নিয়ে যায় সন্ত্রাসীরা। শুক্রবার ৩০ থেকে ৪০ জন সন্ত্রাসী এসে তাদের প্রতিষ্ঠানে হামলা করে। এ সময় তারা গুলিবর্ষণও করে। গুলিতে একজন আহত হয়েছেন।
এদিকে চাঁদা দাবি ও হামলার ঘটনায় গত বৃহস্পতিবার পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন এ কে বিল্ডার্সের চেয়ারম্যান কাইউম আলী খান। জিডিতে তিনি অভিযোগ করেন, গত ২৭ জুন তার ব্যবসাপ্রতিষ্ঠানে প্রথমবার হামলা করা হয়। এরপর ৪ জুলাই আবার হামলা করে অজ্ঞাত ব্যক্তিরা। তারা ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে।
এ বিষয়ে পল্লবী থানার ওসি শফিউল ইসলাম বলেন, গুলিবর্ষণের ঘটনায় এখনো মামলা হয়নি। মামলা প্রক্রিয়াধীন। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
রিপোর্টার্স২৪/ ঝুম