| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল সারাদেশ

reporter
  • আপডেট টাইম: Jul ১২, ২০২৫ ইং | ১৫:১৩:২৫:অপরাহ্ন  |  ১৬৬৫০৩১ বার পঠিত
মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল সারাদেশ
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার: পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) সামনে ভাঙারি ব্যবসায়ী চাঁদ সোহাগকে যুবদল নেতাদের হাতে নির্মমভাবে হত্যার ঘটনায় দেশজুড়ে ছড়িয়ে পড়েছে তীব্র প্রতিবাদের ঝড়।

রাজধানী থেকে শুরু করে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও জনপদ সব জায়গাতেই বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উত্তাল হয়ে উঠেছে সাধারণ মানুষ। ছাত্র-জনতা, রাজনৈতিক কর্মী এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এক কণ্ঠে দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন।

প্রকাশ্য দিবালোকে মিটফোর্ড এলাকায় ব্যবসায়ী সোহাগের মাথায় পাথর দিয়ে আঘাত করে হত্যা করে কয়েকজন যুবদল কর্মী- এই বিভৎস দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। মুহূর্তেই তা সারাদেশে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়। রাজনৈতিক, সামাজিক এবং শিক্ষার্থী সংগঠনগুলো দ্রুত কর্মসূচি ঘোষণা করে রাস্তায় নামে।

শাবিপ্রবি প্রতিনিধি জানায়, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হল থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন আবাসিক হল ঘুরে একই স্থানে শেষ হয়। মিছিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পলাশ বখতিয়ার, আজাদ শিকদার, হাফিজুল ইসলাম বক্তব্য রাখেন।

পটুয়াখালী প্রতিনিধির পাঠানো তথ্য অনুযায়ী, বেলা ১১টায় সোনালী ব্যাংক মোড়ে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালিত হয়। বক্তারা অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সমাবেশে জেলা গণতান্ত্রিক ছাত্রসংসদের মোহাম্মদ মিরাজ ইমতিয়াজ, আহমেদ ফাহাদ, এ কে এম সিফার শুভ, আবু রাইয়ান, মো. সাকের, তানজিলা আক্তার শিমু, নাজমুল হক স্বাধীন ও নীরব শীল প্রমুখ উপস্থিত ছিলেন।

বেরোবি প্রতিনিধি জানান, দুপুরে জিলা স্কুল অ্যান্ড কলেজ থেকে শুরু হত্যার বিচার চেয়ে বিক্ষোভ মিছিলটি আবু সাঈদ চত্বরে বক্তব্য প্রদানের মাধ্যমে শেষ হয়। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইমতিয়াজ ইমতি শিক্ষার্থী রহমত আলী, ডা. জামিল প্রমুখ বক্তব্য রাখেন।

রাজবাড়ী প্রতিনিধি জানায়, বেলা ১১টার দিকে সাধারণ জনগণ ও রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যানারে রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ করেন। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলার মুখপাত্র হাসিবুল ইসলাম শিমুল, যুগ্ম-আহ্বায়ক মাহাদি রাকিবুল ইসলাম, এনসিপির নেতা আব্দুল্লাহ আল মামুন, শিক্ষার্থী তাহসিন আতিয়ার বিন তামিমসহ প্রমুখ বক্তব্য রাখেন।

নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, দুপুরে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে ২ নম্বর রেলগেট গিয়ে মিছিলটি শেষ হয়। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক নিরব রায়হান, সদস্যসচিব জাবেদ আলম, মহানগরের আহ্বায়ক মাহফুজ খান, মুখপাত্র সারফরাজ হক সজীব, জহিরুল ইসলাম, জাহিদুল হক বাধন, ফারদিন শেখ ও ফাহিম খন্দকার অনিক উপস্থিত ছিলেন।

মানিকগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্য অনুযায়ী, সকাল ১০টায় সারাদেশে হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ প্রাঙ্গণে একটি বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এসময় রমজান মাহমুদ, আশিকুর রহমান, আশরাফুল ইসলাম রাজু, আসাদুল্লাহ, মাহবুবুর রহমান ও এনামুল হাসান আব্দুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।

‎ঝালকাঠি প্রতিনিধি জানান, বেলা ১১টার দিকে শহরের ফায়ার সার্ভিস মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাব চত্বরে এসে সমাবেশে করে। ‎সমাবেশে শিক্ষার্থী রাইয়ান বিন কামাল, ইয়াসিন ফেরদৌস ইফতি, শাহরিয়ার দিপু, লিমা ও স্বর্ণা বক্তব্য দেন।

পাবিপ্রবি প্রতিনিধি জানান, ব্যবসায়ী পিটিয়ে ও পাথর মেরে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ছাত্র হল-১ এর প্রধান ফটকের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

নাটোর প্রতিনিধি জানান, দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বৈষমবিরোধী ছাত্রনেতা শেখ ওবাইদুল্লাহ মিম, আব্দুস সামাদ শিশির, মাহফুজা রাহাত বুসরাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বরগুনা প্রতিনিধি জানান, বেলা ১১টায় বরগুনা প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বরগুনা প্রেস ক্লাব সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা সভাপতি মুফতি মিজানুর রহমান কাসেমী, জেলা মহিলা পরিষদের সভানেত্রী নাজমা বেগম, নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন কামাল, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ, মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা কাদের প্রমুখ উপস্থিত ছিলেন।

লক্ষ্মীপুর প্রতিনিধির পাঠানো তথ্য অনুযায়ী, দুপুরে শহরের দক্ষিণ তেমুহনী এলাকা থেকে ইসলামী যুব আন্দোলনের একটি মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। যুব আন্দোলনের জেলা সভাপতি মোখলেছুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শোরাফ উদ্দিন স্বপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের লক্ষ্মীপুর জেলার ভারপ্রাপ্ত সভাপতি দেলাওয়ার হোসাইন, সেক্রেটারি জহির উদ্দিন প্রমুখ।

মেহেরপুর প্রতিনিধি জানান, বিকেল পাঁচটার দিকে জেলা প্রেস ক্লাবের সামনে সাধারণ ছাত্র-জনতার ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে আশিক রাব্বি, হাসনাত জামান সৈকত, হাসনাত আলী, মেহেরপুরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।

পিরোজপুর প্রতিনিধি জানান, বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জুলাই যোদ্ধা সদস্যসচিব তাহমিদ আল নাসীব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আফরোজা তুলি ও জাতীয় নাগরিক পার্টির যুব শক্তির একেএম জাবিদ হাসান প্রমুখ।

শরীয়তপুর প্রতিনিধি জানান, বিকেলে জেলার জাজিরা প্রান্তের পদ্মা সেতু টোল প্লাজা অবরোধ করে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এতে এ রুটে সকল যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভ কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শরীয়তপুরের মুখ্য সংগঠক আমিন মোহাম্মদ জিতু, আহ্বায়ক ইমরান আল নাজির প্রমুখ বক্তব্য রাখেন।

কুষ্টিয়া প্রতিনিধির পাঠানো তথ্য অনুযায়ী, বিকালে কুষ্টিয়া শহরের বড় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বরে করে ইসলামী আন্দোলন। পরে মিছিলটি শহরের পাঁচ রাস্তার মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে পৌর সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি আবু সাঈদের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলী, সেক্রেটারি জিএম তাওহীদ আনোয়ার প্রমুখ।

রাবি থেকে প্রতিনিধি জানায়, বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহিদ বুদ্ধিজীবী চত্বর থেকে শুরু হওয়া ছাত্রদলের এ বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশ হয়। এসময় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমদ রাহী, যুগ্ম-আহ্বায়ক শাকিলুর রহমান সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন।

সুনামগঞ্জ প্রতিনিধি জানান, বিকেলে শহরের আলফাত স্কয়ার পয়েন্ট থেকে একটি বিক্ষোভ মিছিলটি বের হয়ে পুনরায় সেখানে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এসময় মেহেদী হাসান সাকিব, নাহাত হাসান পৌলমি, মাহফুজুর রহমান মুহিত, তানমিন মিলি শবনম দ্দোজা জ্যোতি প্রমুখ বক্তব্য রাখেন।

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, বিকেলে উপজেলার দুর্জয় মোড় এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যুগ্ম-আহ্বায়ক শিহাব উদ্দিন তুহিন, মুখ্য সংগঠক শরীফুল হক জয়, উপজেলা আহ্বায়ক মোহাম্মদ কাইজার আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।

নোবিপ্রবি প্রতিনিধি জানায়, গত শুক্রবার রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন শহীদ মিনারের পাদদেশে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভটি নোবিপ্রবির আব্দুস সালাম হল থেকে শুরু হলে পর্যায়ক্রমে সকল হল থেকেই স্বতস্ফূর্তভাবে শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে থাকে। এক পর্যায়ে নারী শিক্ষার্থীরাও এ বিক্ষোভে অংশ নেয়। বিক্ষোভটিতে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রকম্পিত করে তোলে। শিক্ষার্থী মুজতাবা ফয়সাল নাইম বলেন, মিটফোর্ড এ যুবদল নেতা যে নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে তা মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে।

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধির পাঠানো তথ্য অনুযায়ী, গতকাল শনিবার দুপুরের দিকে উপজেলা গেইট সংলগ্ন রৌমারী-ঢাকা মহাসড়ক এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে বিক্ষোভ মিছিলটি বাজারের কেন্দ্রীয় জামে মসজিদ মোড় থেকে বের  হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা গেটে এসে মিলিত হয়। এ সময় জামায়াত ইসলামী, ছাত্র শিবির, বৈষম্য ছাত্র আন্দোলনসহ স্থানীয় বিভিন্ন পেশাজীবি মানুষ উপস্তি হয়ে হত্যাকান্ডের সাথে জড়িত সকলকে গ্রেফতার করে ফাঁসি কার্যকর করার দাবি জানান। এতে বক্তব্য রাখেন মাওলানা মো. আতিকুর রহমান, মো. মাহুবুর রহমান, মো. সাজদুল ইসলাম সবুজ প্রমূখ। বক্তারা বলেন, দুই দিনের মধ্যে বাকি আসামীদের গ্রেফতার করতে না পারলে আরো তীব্র আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।

ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, গতকাল শনিবার দুপুরে ঠাকুরগাঁও বড় মাঠ থেকে ছাত্রজনতার একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের চৌরাস্তায় এসে এক ঘণ্টাব্যাপী প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। বক্তারা দাবি জানান, হত্যাকাণ্ডে যারা জড়িত, তারা যেই দলেরই হোক না কেন, তাদের দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই ঘটনার প্রতিবাদে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয় থেকে চৌরাস্তায় এসে ঘন্টাব্যাপী প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বিএনপির অঙ্গসংগঠন। তারা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।

কুড়িগ্রাম প্রতিনিধি জানান, গত শুক্রবার রাত ১০টায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ ও জাতীয় যুব শক্তি কুড়িগ্রাম জেলা শাখা। মিছিলটি কলেজ মোড়স্থ বিজয় স্তম্ভ থেকে বের হয়ে শহরেরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। এসময় বক্তব্য রাখেন গণতান্ত্রিক ছাত্রসংসদের জেলা শাখার আহ্বায়ক জাহিদ হাসান, সদস্য সচিব সাদিকুর রহমান, জাতীয় যুবশক্তির মুখ্য সংগঠক হাফিজুর রহমান বাবু ও এনসিপির জেলা শাখার প্রধান সমন্বয়কারী মুকুল মিয়া। বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সমন্বয়কারী রাশেদুজ্জামান তাওহীদ, মাসুম মিয়া, মাহমুদুল হাসান জুয়েল, ছাত্রসংসদ নেতা খন্দকার আল ইমরান প্রমুখ।

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, গতকাল শনিবার দুপুর ২টায় ইসলামি যুব আন্দোলন, নাগরপুর উপজেলা শাখার আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নাগরপুর সরকারি কলেজ গেইট থেকে শুরু হয়ে নাগরপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ গেইটে এসে শেষ হয়। বিক্ষোভে উপস্থিত থেকে বক্তব্য রাখেন: ইসলামি ছাত্র আন্দোলন নাগরপুর উপজেলা সভাপতি মাওলানা ইব্রাহিম খলিল, ইসলামি যুব আন্দোলন গয়হাটা ইউনিয়ন শাখার সভাপতি মোঃ সুজন মিয়া, ইসলামি যুব আন্দোলন উপজেলা সেক্রেটারি মুফতি আল আমিন সিরাজি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি মুফতি আ. হাদী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, নাগরপুর উপজেলা শাখার সেক্রেটারি মুফতি আল আমিন মাজাহেরী, উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ বাবুল হোসেন। বিক্ষোভ শেষে একটি শান্তিপূর্ণ সমাবেশ ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় সিরাজগঞ্জ সরকারি কলেজ থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। মিছিলটি কলেজ চত্বর থেকে বের হয়ে শহরের এস এস রোড, বাজার স্টেশন মোড়, হোসেনপুর হয়ে মুক্তির সোপানে গিয়ে শেষ হয়। সেখানে শিক্ষার্থীরা একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন। এ সময় শিক্ষার্থীরা ‘খুনিদের বিচার চাই’ ‘চাঁদাবাজদের রক্ষা নয়’ ‘সন্ত্রাসের রক্ষা কবজ ভেঙে দাও’ ‘শিক্ষার্থীরা আর চুপ থাকবে না’ এমন নানা স্লোগানে শহর কাঁপিয়ে তোলে। মিছিল ও সমাবেশে শহরের বিভিন্ন স্কুল ও কলেজের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। সমাবেশে বক্তব্য দেন সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী জুবায়ের আল ইসলাম সেজান, আব্দুস সবুর তালুকদার, মুনতাসীর মেহেদী হাসান, আশিক রহমানসহ আরও অনেকে।

পিরোজপুর প্রতিনিধি জানান, গত শুক্রবার বিকেলে পিরোজপুরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন ক্লাবের সামনে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। মিছিলে পিরোজপুরের সাধারণ ছাত্র-জনতা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। তারা সোহাগ হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জুলাই যোদ্ধা সদস্য সচিব তাহমীদ আল নাসীব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আফরোজা তুলি এবং জাতীয় নাগরিক পার্টির যুব শক্তির একেএম জাবিদ হাসান।

হবিগঞ্জ প্রতিনিধি জানান, গতকাল শনিবার দুপুরে কলেজ চত্বরে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তারা হাতে নানা প্রতিবাদী প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে দাঁড়িয়ে এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও দোষীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় শিক্ষার্থীরা বলেন, আমরা এই হত্যার দ্রুত বিচার চাই। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কোর্ট প্রাঙ্গণে মসজিদের সামনে গিয়ে বিক্ষোভ মিছিল করে সমাবেশ করেন।

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধির পাঠানো তথ্য অনুযায়ী, গতকাল শনিবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রামে ফ্যাসিবাদ বিরোধী ছাত্রঐক্যের ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশটি ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে হায়দার শপিং কমপ্লেক্সের সামনে শেষ হয়। এসময় বক্তারা হত্যাকান্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবী করেন। বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্রঐক্যের নেতা জাহিদ তালুকদার, ইফতেখার উদ্দিন মেশকাত, সৈয়দ কামরুল।

যশোর প্রতিনিধি জানান, গতকাল শনিবার বেলা সাড়ে ১২টায় প্রেসক্লাব যশোরের সামনে সাধারণ ছাত্র-জনতার ব্যানারে অনুষ্ঠিত এই প্রতিবাদ সমাবেশে বক্তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচারহীনতা এবং কয়েকটি রাজনৈতিক দল ও স্বরাষ্ট উপদেষ্টার কঠোর সমালোচনা করেন। এমনকি প্রধান উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাজপথে নামার হুশিয়ারি দেন। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা কমরেড জিল্লুর রহমান ভিটু বলেন, দেশে যে হারে চাঁদাবাজি, খুন, ধর্ষণ ও গণপিটুনির ঘটনা বাড়ছে, তা মেনে নেওয়ার মতো নয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে না পারলে এই মুহূর্তে স্বরাষ্ট উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। প্রয়োজনে আমরা প্রধান উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাজপথে নামবো।

 নওগাঁ প্রতিনিধি জানান, গতকাল শনিবার সন্ধ্যায় স্থানীয় বাসষ্ট্যান্ডে প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই এসে মানববন্ধন কর্মসূচি পালন করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও এনসিপি নেতা আমিনুল হক, মুহাম্মদ আব্দুল্লাহ, বেলাল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মহাদেবপুর উপজেলার শাখার সাধারণ সম্পাদক মুফতি মা’আরিফুল, সাংগঠনিক সম্পাদক মো. সুমন হোসেন এতে বক্তব্য প্রদান করেন।

মিটফোর্ডে সংঘটিত নির্মম হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়- এটি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থার একটি গভীর প্রতিফলন। এই ঘটনাকে ঘিরে দেশব্যাপী শিক্ষার্থী, বিভিন্ন সংগঠন এবং সচেতন নাগরিকদের একযোগে প্রতিবাদে ফেটে পড়া প্রমাণ করে, জনমনে চরম নিরাপত্তাহীনতা ও ক্ষোভ বিরাজ করছে।

বিশ্লেষকদের মতে, এই অবস্থা উপেক্ষা করার সুযোগ নেই। রাষ্ট্র যদি এখনই দৃঢ় ও কার্যকর অবস্থান গ্রহণ না করে, তাহলে এই জনরোষ একটি ভয়াবহ ও অনিয়ন্ত্রিত পরিস্থিতির দিকে গড়িয়ে পড়তে পারে। সময় এসেছে, আইনশৃঙ্খলা ও ন্যায়বিচারের প্রশ্নে কোনো ছাড় না দিয়ে কঠোর পদক্ষেপ গ্রহণের।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪