সিনিয়র রিপোর্টার : বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও দুই মাস বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার।
রোববার (১৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১৪ জুলাই থেকে পরবর্তী ৬০ দিন পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ক্যাপ্টেন ও তার ঊর্ধ্বতন কমিশন্ড কর্মকর্তাদের (কোস্টগার্ড ও বিজিবির প্রেষণে নিযুক্ত কর্মকর্তাসহ) ফৌজদারি কার্যবিধির ১২(১) ও ১৭ ধারা অনুযায়ী বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। এ ক্ষমতা ১৪ জুলাই থেকে ৬০ দিন কার্যকর থাকবে। সারাদেশে তারা এ ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।
সেনাবাহিনীর এ ম্যাজিস্ট্রেট কর্মকর্তারা ফৌজদারি কার্যবিধির ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারার অপরাধ বিচার করতে পারবেন।
উল্লেখ্য, গত বছরের ১৭ সেপ্টেম্বর প্রথম সশস্ত্র বাহিনীকে এ ক্ষমতা দেওয়া হয়। এরপর থেকে নিয়মিত ২ মাস পরপর মেয়াদ বাড়ানো হচ্ছে।
রিপোর্টার্স২৪/ঝুম