সিনিয়র রিপোর্টার : রাজধানীর মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) নৃশংসভাবে হত্যার ঘটনায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- সজীব ব্যাপারী ও রাজীব ব্যাপারী। তারা দুজন আপন ভাই। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার টুনারচর এলাকার প্রয়াত ইউনুস ব্যাপারীর ছেলে। তাদের মধ্যে রাজীব মামলার ১০ নম্বর ও সজীব ৭ নম্বর আসামি।
রোববার (১৩ জুলাই) ভোরে নেত্রকোনা জেলার দুর্গাপুর পৌরসভার চায়না মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে সোহাগ হত্যায় মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া জানান, পৃথক অভিযান চালিয়ে নেত্রকোনার দুর্গাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে গত ৯ জুলাই রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পাকা রাস্তার ওপর একদল লোক লাল চাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যা করে।