রিপোর্টার্স ইন্টারন্যাশনাল ডেস্ক :
পেশাগত ব্যস্ততা, অর্থনৈতিক চাপ ও স্বাধীনতার আকাঙ্ক্ষা—এই তিন কারণে বাংলাদেশসহ বিশ্বের তরুণদের মধ্যে বিয়ে ও সন্তান নেওয়ার আগ্রহ ক্রমেই কমছে। সম্প্রতি জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) ও ইউগভ (YouGov) পরিচালিত এক জরিপে এই চিত্র উঠে এসেছে। জরিপে অংশ নেন ১৪টি দেশের ১৪ হাজার তরুণ।
বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ উপলক্ষে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় এ তথ্য উপস্থাপন করা হয়।
আলোচনায় জানানো হয়, প্রজনন হারে বিরূপ পরিবর্তনের ফলে ভবিষ্যতে জনসংখ্যা সংকটে পড়তে পারে মানবজাতি। ইউএনএফপিএর ‘স্টেট অব দ্য ওয়ার্ল্ড পপুলেশন’ প্রতিবেদনে বলা হয়েছে—জনসংখ্যা কমে যাওয়া নয়, বরং সন্তান ধারণে অনীহাই এখন বৈশ্বিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, “ক্ষমতায়নের জন্য অর্থনৈতিক স্বাবলম্বিতা প্রয়োজন। তরুণদের উপযুক্তভাবে প্রস্তুত করতে শিক্ষা, সচেতনতা ও সহায়ক পরিবেশ জরুরি।”
জরিপ অনুযায়ী—
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডা. নাজমুল হোসেন জানান, বর্তমানে বিশ্ব জনসংখ্যা প্রায় ৮২৩ কোটি। ধারণা করা হচ্ছে, ২০৫৬ সালে এই সংখ্যা ১ হাজার কোটিতে পৌঁছাবে এবং ২০৯৮ সালের পর থেকে কমতে শুরু করবে।
স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব ডা. মো. সারোয়ার বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডা. আশরাফী আহমদ, অতিরিক্ত সচিব জোবায়দা বেগম ও বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।
আলোচনাসভা শেষে জাতীয় পর্যায়ে ১০টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠান প্রতিনিধিদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
.
রিপোর্টার্স২৪/এস