রিপোর্টার্স ডেস্ক: ৪৩ হাজারেরও বেশি পৃষ্ঠার কাগজপত্র জমা দিয়েও নির্বাচন কমিশনের (ইসি) প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য ট্রাকে করে নির্বাচনী ভবনে মোট ৪৩ হাজার ৩১৬ পৃষ্ঠার আবেদনপত্র ও সংশ্লিষ্ট ডকুমেন্টস জমা দিয়েছিল।
মঙ্গলবার (১৫ জুলাই) নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, “প্রথম ধাপে ৬২টি দলকে চিঠি দেওয়া হবে। তাদের আবেদনে যেসব ঘাটতি আছে, তা পূরণের জন্য ১৫ দিনের সময় দেওয়া হবে। পরবর্তী ধাপে অন্যান্য দলগুলোকেও একইভাবে চিঠি পাঠানো হবে।”
নিবন্ধন পেতে প্রয়োজনীয় সব শর্ত পূরণের দাবি করেছে এনসিপি। দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী জানান, “নির্বাচন কমিশনের সব শর্ত পূরণ করে যথাযথভাবে কাগজপত্র জমা দিয়েছি। আমাদের পক্ষ থেকে প্রতিনিধি দল গিয়ে কেন্দ্রীয় কমিটির কাগজপত্র, সদস্য তালিকা, সমর্থনপত্র, গঠনতন্ত্রসহ সব কিছু জমা দিয়েছে।”
তবে এত বিশাল আকারের আবেদন জমা দিলেও নির্বাচন কমিশনের যাচাই-বাছাইয়ে দলটি প্রাথমিক তালিকায় জায়গা করে নিতে পারেনি।
ইসির নিবন্ধন পেতে নতুন দলকে যেসব শর্ত পূরণ করতে হয়: একটি সক্রিয় কেন্দ্রীয় কার্যালয় থাকতে হবে; কমপক্ষে এক-তৃতীয়াংশ প্রশাসনিক জেলায় কার্যকর কমিটি থাকতে হবে; ১০০টি উপজেলা বা মেট্রোপলিটন থানায় অন্তত ২০০ জন ভোটারের সমর্থনপত্র দাখিল করতে হবে; আবেদনপত্রের সঙ্গে দলের গঠনতন্ত্র, ইশতেহার (যদি থাকে), বিধিমালা, লোগো ও পতাকার ছবি, কেন্দ্রীয় কমিটির সদস্য তালিকা, ব্যাংক হিসাব ও সর্বশেষ স্থিতির বিবরণ জমা দিতে হয়।
উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশে নির্বাচন কমিশনে মোট ৫১টি রাজনৈতিক দল নিবন্ধিত রয়েছে। নির্বাচন কমিশন নতুন নিবন্ধন প্রক্রিয়া শেষে আরও কিছু দলকে যুক্ত করতে যাচ্ছে।
রিপোর্টার্স২৪/আরএইচ