মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ঠিকাদারী প্রতিষ্ঠানগুলোর কাজের রেট সিডিউল ৮০ শতাংশ বৃদ্ধির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন সংশ্লিষ্ট মিনি ঠিকাদাররা।
মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ১০টার দিকে মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতির প্রধান গেটের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সমিতির জেনারেল ম্যানেজারের (জিএম) কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন মিনি ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি মো. মকবুল হোসেন, সেলিম দর্জীসহ বিভিন্ন নেতা ও সদস্যরা।
তারা বলেন, আমরা দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতিতে মিনি ঠিকাদারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছি। দুর্যোগ, মহামারীসহ প্রতিকূল সময়ে বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখতে আমরা জীবনের ঝুঁকি নিয়েও কাজ করে গেছি।
তারা আরও জানান, সিডর, আইলা, রিমাল, এমনকি করোনার সময়ও নিরবিচারে বিদ্যুৎ সরবরাহ সচল রেখেছেন মিনি ঠিকাদাররা। সাম্প্রতিক অতিবৃষ্টির ফলে কক্সবাজার, সিলেট, বরিশাল, নোয়াখালীসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ লাইনের ক্ষয়ক্ষতি নিরসনে দিনরাত কাজ করছে প্রায় ১০ হাজার কর্মী। কিন্তু বর্তমান বাজারদরের সঙ্গে তাল মিলিয়ে ঠিকাদারী রেট সিডিউল না বাড়ায় প্রতিষ্ঠানগুলো টিকে থাকা কঠিন হয়ে পড়ছে।
নেতারা অভিযোগ করে বলেন, বিভিন্ন সময়ে রেট সিডিউল বৃদ্ধির দাবিতে চিঠি দেওয়া হলেও কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে আজকের এই মানববন্ধন ও স্মারকলিপির মাধ্যমে দাবি জানানো হলো। দ্রুত সমাধান না হলে, একযোগে কর্মবিরতিসহ কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ঠিকাদার জাহাঙ্গীর জমাদ্দার, আব্দুল করিম খান, আলাউদ্দিন হাওলাদার, খন্দকার জহিরুল ইসলাম, সুনিল দাস, আলমগীর হোসেন, মনির হাওলাদার, আবু সাঈদ, মেহেদী হাসান, আমিনুল ইসলাম, শাহআলম খন্দকার, হাবিব হাওলাদার, নজরুল ইসলাম, তুষার মোল্লা, মোয়াজ্জেম হোসেন, মফিজুল ইসলাম, আল আমিন খান, ইদ্রিস হাওলাদার প্রমুখ।
রিপোর্টার্স২৪/আরএইচ