মুন্সিগঞ্জ প্রতিনিধি : সামনে আরও একটি লড়াই আসছে, সেই লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি: নাহিদসামনে আরও একটি লড়াই আসছে, সেই লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, 'আমরা জানি সামনে আমাদের আরও একটি লড়াই আসতেছে। আমরা সেই লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি। আমরা জানি অনেকের সঙ্গে আমাদের লড়াই করতে হবে।'
শুক্রবার (১৮ জুলাই) দুপুরে মুন্সীগঞ্জ শহরের কৃষিব্যাংক মোড়ে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রার পথসভায় বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
এসময় নাহিদ বলেন, 'মুন্সীগঞ্জ মহৎ মানুষদের জন্ম দেয়। প্রতিবাদী মানুষদের জন্ম দেয়। ইদ্রাকপুর ও বিক্রমপুরের ইতিহাসকে ধারণ করে মুন্সীগঞ্জকে এগিয়ে নিয়ে যেতে চাই।'
তিনি বলেন, 'পদ্মা-মেঘনার দাপটে আমরা জানি নদী ভাঙন হচ্ছে। মুন্সীগঞ্জে অবৈধ ভাবে বালু উত্তোলন হচ্ছে। চাঁদাবাজি হচ্ছে, সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে। মুন্সীগঞ্জ মাথা উচু করে দাঁড়াতে চায়।'
নাহিদ বলেন, 'মুন্সীগঞ্জের হাজারো মানুষ প্রবাসে থাকেন। আমরা সেই প্রবাসীদের ভোটাধিকার পক্ষে কথা বলছি। অনেকেই বলছে প্রবাসীদের কোনো অবদান নেই।'
তিনি আরও বলেন, 'মুন্সীগঞ্জবাসী আপনাদের পরিবারদের যে সব সদস্য প্রবাসে থাকেন, তাদেরকে সচেতন ও সরব হতে বলবেন। তারা বাংলাদেশের অংশ, আমরা তাদের ভোটাধিকার নিশ্চিত করব।'
মুন্সীগঞ্জ জেলা এনসিপির সমন্বয়ক কমিটির আহ্বায়ক মাজেদুর ইসলামের সভাপতিত্বে এতে বক্তৃতা করেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, 'আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশের বিরুদ্ধে দেশে-বিদেশে বিভিন্ন ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। আমাদের ফ্যাসিবাদবিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে, সেই রাজনৈতিক দলমতকে ঐক্যবদ্ধভাবে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে এক সঙ্গে কাজ করতে হবে।'
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, 'আমাদের এই বাংলাদেশ পরিপূর্ণ ফ্যাসিবাদমুক্ত হয়নি। ফ্যাসিস্টদের দোসরমুক্ত স্বাধীন বাংলাদেশ হতে এখনও অনেক পথ বাকি। সবাইকে ঐক্যবদ্ধভাবে সেই পথ পাড়ি দিতে হবে।'
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মো. মেহেদী হাসান, মুন্সীগঞ্জ সদর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী গাজী আব্দুল আলিম, যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট মুজিবুর রহমান প্রমুখ।
রিপোর্টার্স ২৪/এমবি