সিনিয়র রিপোর্টার : রাজধানীর মিরপুর-১ পাখির হাটে অভিযান চালিয়ে ৬১টি পাখি ও ২টি কচ্ছপ উদ্ধার করেছে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। পরে প্রাণীগুলোকে বোটানিক্যাল গার্ডেনে অবমুক্ত করা হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
জানা গেছে, উদ্ধার করা পাখিগুলোর মধ্যে রয়েছে- ৪১টি টিয়া, ৩টি হরিয়াল ও ঘুঘু, ১০টি মুনিয়া ও ৫টি শালিক। এছাড়া ২টি কচ্ছপ উদ্ধার করা হয়েছে ।
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট জানায়, পাখি এবং অন্যান্য বন্যপ্রাণী বিক্রি ও খাঁচাবন্দি রাখা বাংলাদেশ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। জনসচেতনতা বাড়ানো এবং অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে।