| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাস্কর হামিদুজ্জামান খান মারা গেছেন

reporter
  • আপডেট টাইম: Jul ২০, ২০২৫ ইং | ০৬:৫৩:১৮:পূর্বাহ্ন  |  ১৬৪৯১৩০ বার পঠিত
ভাস্কর হামিদুজ্জামান খান মারা গেছেন
ছবির ক্যাপশন: ভাস্কর হামিদুজ্জামান খান মারা গেছেন

রিপোর্টার্স২৪ ডেস্ক : 

প্রখ্যাত চিত্রশিল্পী ও ভাস্কর হামিদুজ্জামান খান মারা গেছেন। রবিবার (২০ জুলাই) সকাল ১০টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। হামিদুজ্জামান খানের স্ত্রী চিত্রশিল্পী আইভি জামান এসব তথ্য নিশ্চিত করেছেন। 

হামিদুজ্জামান খানের মৃত্যুর খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষধের ডিন আজহারুল ইসলাম চঞ্চল। পাশাপাশি শোক প্রকাশ করেছেন তিনি। 

গত সপ্তাহে গুরুতর অসুস্থ অবস্থায় ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন হামিদুজ্জামান খান। নিউমোনিয়া ও ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন বলে জানান চিকিৎসকরা। তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে আইসিইউ, পরে লাইফ সাপোর্টে নেওয়া হয়। রবিবার সকালে তার লাইফ সাপোর্ট খুলে নিয়ে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। 

১৯৪৬ সালের ১৬ মার্চ কিশোরগঞ্জের সহশ্রাম গ্রামে জন্মগ্রহণ করেন হামিদুজ্জামান খান। ১৯৭০ থেকে ২০১২ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগে অধ্যাপনা করেন। ফর্ম, বিষয়ভিত্তিক ও নিরীক্ষাধর্মী ভাস্কর্যের জন্য সুপরিচিত ভাস্কর হামিদুজ্জামান খান। 

১৯৭৬ সালে মহান মুক্তিযুদ্ধের অনুপ্রেরণায় তিনি নির্মাণ করেন একাত্তর স্মরণে ভাস্কর্য। ১৯৮৮ সালে দক্ষিণ কোরিয়ায় রাজধানী সিউলে অলিম্পিক ভাস্কর্য পার্কে স্টেপস ভাস্কর্য স্থাপন করেন। এর পর আন্তর্জাতিক পরিসরেও তার খ্যাতি ছড়িয়ে পড়ে। ক্যানভাসে হামিদুজ্জামান খান জলরঙ ও অ্যাক্রেলিকে বিমূর্ত ধারায় ফুটিয়ে তুলেন নিসর্গ ও মানবশরীর। 

সিলেট ক্যান্টনমেন্টে হামলা, বঙ্গভবনে পাখি পরিবার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংশপ্তক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রে ‘শান্তির পায়রা’ তার উল্লেখযোগ্য ভাস্কর্য। ২০১৭ সালে বাংলাদেশ জাতীয় জাদুঘর ‘হামিদুজ্জামান খান ১৯৬৪-২০১৭’ শিরোনামে তার রেট্রোস্পেকটিভ প্রদর্শনীর আয়োজন করে। 

২০০৬ সালে একুশে পদক লাভ করেন হামিদুজ্জামান খান। ২০২৩ সালে বাংলা একাডেমি তাকে ফেলোশিপ দেয়। দেশের বৃহত্তম বিদ্যুৎ শক্তি উৎপাদক প্রতিষ্ঠান সামিট গ্রুপ গাজীপুরের কড্ডায় তার ভাস্কর্য সংগ্রহ দিয়ে বড় এক ভাস্কর্য বাগান নির্মাণ করেছে। 


রিপোর্টার্স২৪/ ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪