স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় পাইলটসহ অন্তত পাঁচজনকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় একজনের মৃত্যু এবং নারী ও শিশুসহ অন্তত ৬০ জন দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুলের একটি ভবনে আছড়ে পড়ে।
আইএসপিআর জানায়, বিধ্বস্ত হওয়া প্রশিক্ষণ বিমানের একমাত্র আরোহী ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। তাকে সিএমএইচে ভর্তি করা হয়েছে। তার অবস্থা সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।
ঘটনাস্থলে এখনও উদ্ধারকাজ চলছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ ও আহতদের উদ্ধারে কাজ করছে।
এছাড়াও উদ্ধার অভিযানে সেনাবাহিনীর সদস্যরা ও ২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য অংশ নিয়েছে। গুরুতর আহতদের দ্রুত হাসপাতালে পৌঁছাতে বিমান বাহিনীর হেলিকপ্টারও ব্যবহার করা হয়েছে।
শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানিয়েছেন, অনেক দগ্ধ রোগীর অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে কয়েকজনের শরীরের ৫০ শতাংশের বেশি পুড়ে গেছে।
এ ঘটনায় রাজধানীতে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের খোঁজে দগ্ধদের হাসপাতালে ভিড় করছেন অনেকে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রিপোর্টার্স২৪/আরএইচ