| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উত্তরায় বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ২২, আহত তিনশতাধিক

reporter
  • আপডেট টাইম: Jul ২১, ২০২৫ ইং | ১৪:৪৭:৩৭:অপরাহ্ন  |  ১৬৪৭৪৮৩ বার পঠিত
উত্তরায় বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে  ২২, আহত তিনশতাধিক

সিনিয়র রিপোর্টার : বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়ে এ পর্যন্ত ২২ জন নিহত হয়েছেন। তাদের অধিকাংশই শিশু এবং তারা মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী। নিহতদের মধ্যে পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম রয়েছেন । এ ঘটনায়  তিনশতাধিক আহত হয়েছে বলে জানা গেছে। সোমবার দুপুর ১ টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়নের ১২ মিনিট পর বিমানটি বিধ্বস্ত হয়। 

খবর পেয়ে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, ফায়ার সার্ভিস, বিজিবি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উদ্ধার কাজ শুরু করে। এ ঘটনায় আহত ও দগ্ধদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। 

এদিকে বার্ণ ইউনিটে চিকিৎসা নিতে আসা ১০ জনকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। এদের বেশিরভাগেরই শরীরের ৯৫ শতাংশ পর্যন্ত দগ্ধ হয়েছে। সোমবার রাতে পৌনে ৮টায় আইএসপিআর জানায়, বিধ্বস্ত হওয়া প্রশিক্ষণ বিমানের পাইলটসহ ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৭১ জন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মাইলস্টোন স্কুলের একটি ভবনের সামনে বিমানটি বিধ্বস্ত হয়। ভবনটি দোতলা। সেখানে পাঠদান করা হয়। বিমান বিধ্বস্ত হওয়ার পরপরই কলেজ ক্যাম্পাসে ভিড় করেন শিক্ষার্থীদের মা, বাবা ও স্বজনেরা।  তাদের সন্তানদের খুঁজতে থাকেন। কেউ কেউ সন্তানের খোঁজ পাননি।  খোঁজ না পেয়ে তারা এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুঁটে চলছেন। কান্নায় ভেঙ্গে পড়ছেন স্বজনরা।

এদিকে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বিকেলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক  ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল বলেন, এ ঘটনায় ১৯ জন নিহত হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট ও ৬ অ্যাম্বুলেন্স কাজ করছে। উদ্ধার কাজ এখনো চলমান আছে। আপনারা সবাই জানেন, আজ বিমানবাহিনীর একটি এফ-সেভেন বিজেআই ফাইটার এয়ারক্রাফট মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উত্তরা শাখার দোতলা স্কুল ভবনে ক্র্যাশ ল্যান্ডিং করেছে। এই দোতলা ভবনের প্রথম তলায় ছিল তৃতীয় ও চতুর্থ শ্রেণির বাচ্চাদের ক্লাস। দ্বিতীয় তলায় ছিল দ্বিতীয় ও পঞ্চম শ্রেণির ক্লাস। তার সাথে ছিল প্রিন্সিপালের (অধ্যক্ষের) অফিস মিটিং রুম। একটা কোচিংয়ের ক্লাস চলমান ছিল। ক্র্যাস ল্যান্ডিং যখন হয়, তখন স্কুল ছুটি হয়ে গিয়েছিল এবং ওই সময় যে জায়গায় টিচার্স রুমের সাথে যে ল্যান্ডিং হয় ,আঘাত করে, ওই জায়গায় বাচ্চাকাচ্চারা জড়ো হয়েছিল এবং তাদের সাথে হয়তো কিছু অভিভাবকও ছিল।

তিনি আরও বলেন,  বেলা ১টা ৮ মিনিটে দুর্ঘটনার খবর পায় ফায়ার সার্ভিস। দ্রুত আমাদের ইউনিট পৌঁছে যায় এবং উদ্ধার কার্যক্রম শুরু করে। যারা নিহত, এখনো তাদের পরিচয় আমরা জানতে পারিনি, সময় লাগবে। আমাদের ধারণা, অধিকাংশই শিশু।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) জানায়, রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিধ্বস্ত হওয়া বিমানটি বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান। সেটি নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে আজ সোমবার বেলা ১টা ৬ মিনিটে ঢাকার কুর্মিটোলার বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি এ কে খন্দকার থেকে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। নিহতদের অধিকাংশই শিশু এবং তারা মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী।

আইএসপিআর বলেছে, ‘দুর্ঘটনা মোকাবিলায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম বিমানটিকে ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ও কলেজের দোতালা একটি ভবনে অনাকাঙ্খিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪