জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:
চুয়াডাঙ্গার জীবননগরে সড়ক দুর্ঘটনায় ফুশিয়ার রহমান মন্ডল (৭৫) নামে এক বৃদ্ধ নিহত এবং একই সাথে তিন মেয়েসহ চারজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ মে) দুপুর ২টার দিকে জীবননগর-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের সাথী অটো রাইস মিলের সামনে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তিনি নিহত হন। এ সময় তাঁর পরিবারের চারজন সদস্য আহত হয়েছে।
নিহত ফুশিয়ার রহমান মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী মসজিদ পাড়ার বাসিন্দা। তিনি মৃত এরাদ আলি মন্ডলের ছেলে। আহত, ফুশিয়ার রহমানের মেয়ে শান্তাহার( ৫০), সোনাহার(৪৫), লিমা ( ৪০) ও নাতী নিরব ( ১০)।
প্রত্যক্ষদর্শী রাজু আহমেদ ও স্থানীয়রা জানান, বেলা ২টার দিকে একটি যাত্রীবাহী ইজিবাইক জীবননগর থেকে কালীগঞ্জের দিকে যাচ্ছিলেন, পথিমধ্যে সাথী অটো রাইস মিলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাট বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের সকলেই গুরুতর আঘাত প্রাপ্ত হন। আহতদের প্রথমে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়া কর্তব্যরত চিকিৎসক তাদেরকে প্রাথমিক চিকিৎসার শেষে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রেফার্ড করে। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ফুশিয়ার রহমানকে মৃত ঘোষণা করেন এবং তার পরিবারের চার সদস্য চিকিৎসাধীন।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, সড়ক দুর্ঘটনায় ফুশিয়ার রহমান নামের একজনের মৃত্যু হয়েছে। থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়েছিল। তবে এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি।
.
রিপোর্টার্স২৪/এস