রিপোর্টার্স২৪ ডেস্ক:
অনেক ছাত্রের এক শ টাকা জোটে না, আর এদের কাছে কোটি টাকাও কিছু নয় বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক মোস্তফা ফিরোজ। তিনি বলেন, ছাত্রদের কাছে শত টাকাও বিরাট ব্যাপার। প্রকৃত ছাত্ররা হাজার টাকার দিকেও যায় না। যাওয়ার সেই ক্ষমতা থাকে না।
সেই ছাত্ররা লাখ লাখ টাকা আনছে। সেই লাখ টাকা ছাড়িয়ে এখন কোটি টাকা। কোটি টাকাও তাদের কাছে কিছুই না। কোথায় গেছে বুঝতে পারছেন? কী একটা ইনোভেটিভ আইডিয়া উদ্ভাবন হয়েছে।
ছাত্ররা এখন দল করবে, ক্ষমতায় যাবে। এমন একটা উদ্ভাবন বিশ্বের কোথাও নেই। এইটার জন্য একটা নোবেল পুরস্কার পাওয়া উচিত। আরেকটা নোবেল বাংলাদেশের জন্য হওয়া উচিত।
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।
ফিরোজ বলেন,মাশাআল্লাহ নামটা দেখেন, আব্দুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদ। কতগুলো নামের সমন্বয়, একজন মানুষের গুণও তেমন। কী গুণ? গুলশানে চাঁদা নিতে গিয়ে ধরা পড়া সেই রাজ্জাকের বাসা থেকে সোয়া দুই কোটি টাকার চেক উদ্ধার। শুধু ক্যাশ টাকা না, ক্যাশ টাকা নিচ্ছে, চেকও নিচ্ছে। এমন রাতারাতি কোটিপতি হওয়া অসম্ভব ব্যাপার। ভাগ্য বদলেরও একটা সীমা থাকে।
তিনি বলেন,৫ আগস্টের পরিবর্তন না হলে এই ছাত্ররা কোটি টাকার মুখ দেখত না। এক বছরে এমন কত শত কোটি টাকা আদায় করা হয়েছে? কোথায় গেল? কার কাছে গেল? তদন্ত করেন, ওই বিদেশে যাওয়া পয়সা বাদ দেন। ওইগুলো আনা যাবে না। ওইগুলো বাদ দিয়ে এইগুলো ধরেন।
ফিরোজ আরো বলেন, এরা লাখ লাখ কোটি কোটি টাকা জড়ো করছে। কী পরিবর্তন হলো? এই পরিবর্তনের একটা অংশ এটাকে একেবারে শেষ করে দিয়ে তারা সুবিধা ভোগ করছে। বদনাম করছে সব ছাত্রের। প্রকৃত যারা আন্দোলন করেছে, তারা সব ইউনিভার্সিটিতে,কলেজে, স্কুলে ও বাসায় চলে গেছে।
রিপোর্টার্স২৪/ঝুম