| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিচারপ্রার্থীর ন্যায় বিচার নিশ্চিত করতে হবে : বিচারপতি শাহীন

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৬, ২০২৫ ইং | ১৫:০০:২৬:অপরাহ্ন  |  ১৫৩৪০৭৫ বার পঠিত
বিচারপ্রার্থীর ন্যায় বিচার নিশ্চিত করতে হবে : বিচারপতি শাহীন
ছবির ক্যাপশন: বিচারপ্রার্থীর ন্যায় বিচার নিশ্চিত করতে হবে : বিচারপতি শাহীন

বগুড়া প্রতিনিধি: বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের নবনিযুক্ত বিচারপতি মোঃ আনোয়ারুল ইসলাম শাহীন বলেছেন, স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা ও বিচার বিভাগের মর্যাদা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বিচারপ্রার্থীর ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। কিন্তু আজও বিচার বিভাগের স্বাধীনতার জন্য সংগ্রাম করতে হচ্ছে—এটা কেন?

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে বগুড়া জেলা আইনজীবী সমিতির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিচারপতি শাহীন আইনজীবীদের উদ্দেশে বলেন, “আপনারা বিচারকদের ঘুষ দেবেন না, কারণ আপনি ঘুষ দেন বলেই বিচারক তা নেন।” তিনি আরও বলেন, “দেশ থেকে প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এই টাকা ফিরিয়ে আনতে হবে। দেশের রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্টসহ উন্নয়নে অর্থের প্রয়োজন। আমি একজন নাগরিক হিসেবে এটা আমার দাবি।”

তিনি আইনজীবীদের উদ্দেশে পড়াশোনা ও জ্ঞানের ওপর গুরুত্বারোপ করে বলেন, “জানার কোনো বিকল্প নেই। জানলেই দক্ষ আইনজীবী হওয়া সম্ভব। কথায় কথায় আদালত বর্জন করবেন না। বার ও বেঞ্চের মধ্যে সুসম্পর্ক বজায় রাখুন।”

নিজ জেলা বগুড়ার মানুষের প্রতি ভালোবাসা প্রকাশ করে বিচারপতি শাহীন বলেন, “আমি বগুড়ার মানুষ হিসেবে সম্ভব সবকিছু করব। আমার জন্য দোয়া করবেন যেন সমাজের অবহেলিত ও বঞ্চিত মানুষের পাশে থাকতে পারি।”

সভায় জেলা ও দায়রা জজ মোঃ শাহজাহান কবির, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাসনিকুর ইসলাম, সরকার পক্ষের আইনজীবী (জিপি) শফিকুল ইসলাম টুকু, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল বাছেদ, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট একেএম হাফিজুর রহমান ও অ্যাডভোকেট একেএম মাহাবুবর রহমান বক্তব্য দেন।

বগুড়া বার সমিতির সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান খান মুক্তার সভাপতিত্বে সভায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলামসহ বিচারক ও আইনজীবীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বার সমিতির পক্ষ থেকে বিচারপতি আনোয়ারুল ইসলাম শাহীনকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪