চাঁদপুর প্রতিনিধি : বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) কুমিল্লা কার্যালয়ের উদ্যোগে চাঁদপুরে পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যাতিত খাবার বাজারজাতকরণসহ অন্যান্য অপরাধে ৩ খাবার উৎপাদন প্রতিষ্ঠান মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে শহরের পৃথক স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আল এমরান খাঁন।
রাতে বিএসটিআই কুমিল্লা জেলা কার্যালয় থেকে এসব তথ্য নিশ্চিত করেন পরিদর্শক প্রকৌশলী আমিনুল ইসলাম শাকিল।
প্রাপ্ত তথ্যে জানাগেছে, আজ জেলা প্রশাসন চাঁদপুর ও বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের যৌথ উদ্যোগে সদর উপজেলায় একটি ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয় ।
এ সময় পুরান বাজার পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত বিস্কুট, ব্রেড, কেক পণ্য উৎপাদন, মোড়কজাত ও বাজারজাত করার অপরাধে যমুনা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী মালিককে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
রঘুনাথপুর এলাকার ঢাকা মহানগর বেকারী মালিককে পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত ব্রেড পণ্য উৎপাদন, মোড়কজাত ও বাজারজাত করার অপরাধে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
শহরের চিত্রলেখা মোড় নিউ সোশ্যাল বাজার মালিককে চিড়া, ইউসুবগুলের ভুসি, ডাল পণ্যের অনুকূলে বিএসটিআই এর মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত বিক্রয়-বিতরণ করায় এবং মোড়কজাত করায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের পরিদর্শক মেট্রোলজি) এবং ফিল্ড অফিসার (সিএমউইং) এস. এম. শাকিল ইউসুফ। জনস্বার্থে এধরনের এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
রিপোর্টার্স২৪/সাইফ