সিনিয়র রিপোর্টার: রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার ডিবি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা হলেন- আওয়ামী লীগের দারুস সালাম ৯ নং ওয়ার্ড এর ৪ নং ইউনিটের সাধারণ সম্পাদক সাইমন ইসলাম রনি (৪২), সাবেক এমপি ইলিয়াস মোল্লার সহযোগী ও আওয়ামী লীগের সক্রিয় সদস্য এবং ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী রুবেল পেদা (৩০), পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ছাত্রলীগ সভাপতি তরিকুল ইসলাম চৌধুরী তাপস (৩০) ও পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জানে আলম চৌধুরী ঠান্ডু (৩২)।
ডিবি সূত্রে আরও জানা গেছে, এছাড়া নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলা ও ভান্ডারিয়া পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ঈশান শিকদার মিরাজ (২৬), ব্রাহ্মনবাড়ীয়া জেলার কসবা থানার মেহারী ইউপির সাধারণ সম্পাদক আল হেলাল (৪৭) এবং নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণের সক্রিয় সদস্য ও রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী মোরশেদ আলম মুন্নাকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি