ইন্টারন্যাশনাল ডেস্ক: ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষরের প্রশংসা করেছে কানাডা। বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনের অজিত সিং বলেন, মূল গণতান্ত্রিক সংস্কারগুলো বাস্তবায়নের রূপরেখা ‘জুলাই সনদ’-এ দেওয়া হয়েছে, যা জাতীয় ঐক্য, জবাবদিহিতা ও স্বচ্ছ শাসনকে এগিয়ে নিতে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের সম্মিলিত প্রতিশ্রুতিকে তুলে ধরে।
সোমবার (২০ অক্টোবর) বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে হাইকমিশনার অজিত সিং ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষরের প্রশংসা করেন।
তিনি বলেন, ‘অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে একটি শান্তিপূর্ণ রূপান্তরের দিকে এগিয়ে বাংলাদেশের পাশে রয়েছে কানাডা।’
বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী কানাডা শাসনব্যবস্থা, শিক্ষা, লিঙ্গ সমতা ও মানবাধিকারসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে। হাইকমিশনের এই অঙ্গীকার বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও সুশাসন গড়ে তুলতে কানাডার অব্যাহত সহায়তারই প্রতিফলন।
রিপোর্টার্স২৪/এসসি