রিপোর্টার্স২৪ ডেস্ক: নির্বাচন কমিশন (ইসি) শাপলা প্রতীক নিয়ে পুনরায় পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে । জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)পছন্দের প্রতীকের বিষয়টি শিগগিরই আইন-বিধি পর্যালোচনা করে নিষ্পত্তি করবে তারা।
এর আগে নির্বাচন কমিশন শাপলা প্রতীকের বিকল্প বেছে নিতে রবিবার (১৯ অক্টোবর) পর্যন্ত এনসিপিকে সময় বেঁধে দিয়েছিল । শেষদিনেও শাপলা প্রতীক চেয়ে দলটির একটি প্রতিনিধিদল ইসিতে আবেদন জানিয়েছে। সোমবার (২০ অক্টোবর) এই তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, আমরা এনসিপিকে ৫০টি প্রতীক থেকে বাছাই করে জানাতে বলেছিলাম। ১৯ অক্টোবর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। শেষদিন দলটির একটি প্রতিনিধিদল এসে ফের শাপলা চেয়ে আবেদন জানিয়েছে। দলটির পুনঃআবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি আবার কমিশনের কাছে তোলা হবে। কমিশন সিদ্ধান্ত দেবে কোন প্রতীক দেওয়া হবে তাদের।
রবিবার সকালে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে এনসিপির প্রতিনিধিদল।
কমিশনে এসে এনসিপি নেতারা বলেন, কোনো ধরনের চাপিয়ে দেওয়া প্রতীক তারা নেবে না। দলটি শাপলা প্রতীকের বিষয়ে অনড় অবস্থানের কথা তুলে ধরে ইসির চিঠির জবাব দিয়েছে ।
রিপোর্টার্স২৪/এসসি