| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোর মামলা

সাবেক এমপিসহ ১৬ জনের বিরুদ্ধে আজ ১৪তম দিনের সাক্ষ্যগ্রহণ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২১, ২০২৫ ইং | ০৩:৩৭:০৬:পূর্বাহ্ন  |  ১৩৬৫৩৯৭ বার পঠিত
সাবেক এমপিসহ ১৬ জনের বিরুদ্ধে আজ ১৪তম দিনের সাক্ষ্যগ্রহণ
ছবির ক্যাপশন: আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোর মামলা

রিপোর্টার্স২৪ ডেস্ক : আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যার ভয়াবহ ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে আজ (মঙ্গলবার) ১৪তম দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ সাক্ষ্যগ্রহণ করবেন।

প্যানেলের অন্য সদস্যরা হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। আজকের শুনানিতে দুজন সাক্ষীর জবানবন্দি নেওয়ার কথা রয়েছে।

গতকাল সাক্ষ্য দিয়েছেন এএসপি এনায়েত হোসেন ও শহীদ বায়োজিদ বোস্তামীর ভাই কারিমুল হোসেন। তাদের জেরা সম্পন্ন করেছেন পলাতক আট আসামির পক্ষে স্টেট ডিফেন্স ও আসামিপক্ষের আইনজীবীরা। এ পর্যন্ত মামলায় ১৮ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।

মামলায় প্রসিকিউশনের পক্ষে রয়েছেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ, সহকারী হিসেবে আছেন আবদুস সোবহান তরফদার ও সাইমুম রেজা তালুকদার।

এর আগে ১৬ অক্টোবর সাক্ষ্য দেন সিআইডির ফরেনসিক শাখার আলোকচিত্র বিশেষজ্ঞ ওমর ফারুক খান। ১৫ অক্টোবর ছিল ১১তম দিনের সাক্ষ্যগ্রহণ। এছাড়া ৯ অক্টোবর শহীদ ওমর ফারুকের বাবা চান মিয়া নিজের জবানবন্দিতে ৫ আগস্টের ভয়াবহ ঘটনার বর্ণনা দেন।

মামলার প্রেক্ষাপটে জানা যায়, গত বছরের ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে ছয় তরুণ নিহত হন। পরে পুলিশ ভ্যানে তুলে তাদের লাশ পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। সেই সময় একজন জীবিত থাকলেও তাকেও জীবন্ত অবস্থায় আগুনে পুড়িয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় গত বছরের ১১ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা দায়ের হয়। প্রসিকিউশন গত ২ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয়, যেখানে রয়েছে ৩১৩ পৃষ্ঠার বিবরণ, ৬২ জন সাক্ষীর তালিকা, ১৬৮ পৃষ্ঠার প্রমাণাদি ও দুটি পেনড্রাইভ। বর্তমানে মামলার ৮ জন আসামি কারাগারে, আর সাবেক এমপি সাইফুল ইসলামসহ ৮ জন পলাতক।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪