রিপোর্টার্স২৪ ডেস্ক :আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে চিঠি লিখেছে ৬টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। এটি মানবাধিকার সংস্থাগুলোর মতামত হিসেবে দেখছে সরকার।
তবে সরকার চিঠির বিষয়ে কোনো প্রতিবাদ বা বিবৃতি জানাবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ৬ সংস্থার চিঠির বিষয়ে এমন মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা।
তৌহিদ হোসেন বলেন, প্রত্যেকে নিজ নিজ কাজ করবে। আমরা এটাই মনে করি। মানবাধিকার সংগঠনগুলো তাদের কাজ করবে। সরকারের পক্ষে কখনোই তাদের সবকিছু মেনে নেওয়া সম্ভব হবে না। অবশ্যই মানবাধিকার নিয়ে কোনো উদ্বেগ এলে সেটাকে আমরা বিবেচনায় নেই এবং সরকারের পক্ষে যেটুকু সম্ভব সেটা করা হয়। সবার দৃষ্টিভঙ্গিও এক না। প্রত্যেকে তাদের নিজেদের দৃষ্টিভঙ্গি থেকে কথাবার্তা বলে থাকে এবং সরকারকে অনেক কিছু বিবিচনায় নিয়ে কাজ করতে হয়। আমার মনে হয় আমরা এটাকে এভাবে দেখি।
রোববার যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) ওয়েবসাইটে ছয় মানবাধিকার সংস্থার চিঠি প্রকাশ করা হয়।
ওই চিঠি নিয়ে সরকার প্রতিবাদ বা বিবৃতি দেবে কি না জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা তো প্রতিবাদ বা বিবৃতি দেওয়ার বিষয় নয়। তারা তাদের মতামত দিয়েছে, আমরা সেই অনুযায়ী কাজ করব। একটা স্টেজে যদি তাদের কোনো একটা বিষয় নিয়ে আপত্তি থাকে বা তারা কোনো বিশেষ উত্তর চায় আমরা অবশ্যই জানাব।
রিপোর্টার্স২৪/সোহাগ