রিপোর্টার্স২৪ ডেস্ক: আমদানি, রপ্তানি ও ব্যবসায়িক কার্যক্রম গতিশীল রাখতে বিমানবন্দরের অধিক্ষেত্রাধীন এয়ারফ্রেইট ইউনিট এবং এক্সপ্রেস সার্ভিস ইউনিটে একটানা ২৪ ঘণ্টা তিন শিফটে কার্যক্রম পরিচালনার নির্দেশ জারি করেছে কাস্টমস হাউস । হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর এ নির্দেশনা দেয়া হলো।
ঢাকা কাস্টমস হাউসের কমিশনারের নির্দেশক্রমে জয়েন্ট কমিশনার সুমন দাশ এই সংক্রান্ত অফিস আদেশ জারি করেন।
আদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট ইউনিটগুলো অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও ডেপুটি কমিশনার পর্যায়ের কর্মকর্তারা প্রভাতী, দিবা ও নৈশ—এই তিন শিফটে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি, প্রয়োজনীয় সংখ্যক রাজস্ব কর্মকর্তা, সহকারী রাজস্ব কর্মকর্তা, সাব-ইন্সপেক্টর ও সিপাই নিয়োজিত রেখে কাস্টমস কার্যক্রম নির্বিঘ্ন রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
কাস্টমস কর্মকর্তাদের মতে, এই উদ্যোগের ফলে দুর্যোগ-পরবর্তী সময়ে আমদানি-রফতানি কার্যক্রমে কোনও স্থবিরতা সৃষ্টি হবে না। ব্যবসায়ীরা দ্রুত পণ্য খালাস করতে পারবেন, যা বাণিজ্যিক গতি ও রাজস্ব আদায়ে ইতিবাচক প্রভাব ফেলবে।
কাস্টমস হাউসের সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টা কার্যক্রম চালুর ফলে বিমানবন্দর এলাকায় পণ্য খালাস, পরীক্ষা ও ছাড়পত্র প্রদানের প্রক্রিয়া আরও সহজ ও দ্রুততর হবে। এতে আমদানিকারক, রপ্তানিকারক এবং সিঅ্যান্ডএফ এজেন্টদের জন্যও সুবিধা সৃষ্টি হবে।
এই উদ্যোগকে ব্যবসায়ীরা স্বাগত জানিয়েছেন। তারা বলছেন, কাস্টমসের দ্রুত পদক্ষেপ ও সমন্বিত কার্যক্রম বাণিজ্য স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ঢাকা কাস্টমস হাউজ সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি খায়রুল আলম ভুইয়া মিঠু বলেন, ‘এই উদ্যোগকে আমরা স্বাগত জানিয়েছি। এই কার্যক্রমের ফলে আমরা সবাই উপকৃত হবো।’
রিপোর্টার্স২৪/এসসি