ইন্টারন্যাশনাল ডেস্ক: মধ্যপ্রাচ্যের কিছু দেশ গাজায় হামাসের বিরুদ্ধে লড়াই করার জন্য নিজেদের বাহিনী পাঠানোর প্রস্তাব দিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোন কোন দেশ এমন প্রস্তাব দিয়েছে তা প্রকাশ করেননি ট্রাম্প।
ট্রুথ সোশ্যালে এমনটাই দাবি করে মঙ্গলবার ট্রাম্প লিখেছেন, মধ্যপ্রাচ্যের কিছু দেশ উৎসাহ নিয়ে আমাকে জানিয়েছেন, একটি শক্তিশালী বাহিনী নিয়ে গাজায় যাওয়ার সুযোগকে তারা স্বাগত জানাবেন। যদি হামাস আমাদের সঙ্গে নিজেদের চুক্তি ভঙ্গ করে, তাহলে তাঁরা হামাসকে মাটির সঙ্গে মিশিয়ে দেবে।
ট্রাম্প লিখেছেন, ইন্দোনেশিয়া ও অন্য কয়েকটি দেশ গাজায় নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য শান্তি রক্ষাকারী সেনা পাঠানোর প্রস্তাব দিয়েছে। মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্রকে দেওয়া যাবতীয় সহায়তার জন্য আমি মহান ও শক্তিশালী দেশ ইন্দোনেশিয়া এবং দেশটির অসাধারণ নেতাকে ধন্যবাদ জানাই।
ট্রাম্প লিখেছেন, মধ্যপ্রাচ্যের প্রতি এমন ভালোবাসা ও উদ্দীপনা গত এক হাজার বছরের আর কখনো দেখা যায়নি! এটি দেখার মতো এক অপূর্ব দৃশ্য! কিন্তু আমি এসব দেশকে এবং ইসরায়েলকে বলেছি, এখনই তা নয়! হামাস সঠিক কাজটি করবে, এখনো এমন আশা করা যায়।
রিপোর্টার্স২৪/টিআই/এসসি