স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে হায়দরাবাদ কিংসকে ৫ উইকেটে হারিয়ে ৯ বছর পর আবার শিরোপা জিতেছে পেশোয়ার জালমি। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে বল হাতে দারুণ নৈপুণ্য দেখান বাংলাদেশের পেসার নাহিদ রানা। ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে ২ উইকেট নেন তিনি।
টসে হেরে আগে ব্যাট করতে নেমে হায়দরাবাদ কিংস ১৮ ওভারে ১২৯ রানে অলআউট হয়। দলের হয়ে সর্বোচ্চ ৫০ বলে ৫৪ রান করেন সাইম আইয়ুব। ওপেনার মাজ সাদাকাত ৬ বলে ১১ এবং অধিনায়ক মারনাস লাবুশেন ১২ বলে ২০ রান করেন। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বড় সংগ্রহ গড়তে পারেনি তারা।
পেশোয়ারের হয়ে দারুণ বোলিং করেন অ্যারন হার্ডি, তিনি নেন ৪ উইকেট। নাহিদ রানা ২ উইকেট নিয়ে হায়দরাবাদের ব্যাটিং ভাঙতে বড় ভূমিকা রাখেন। একটি করে উইকেট পান মোহাম্মদ বাসিত ও সুফিয়ান মুকীম।
জবাবে খেলতে নেমে শুরুতেই ধাক্কা খায় পেশোয়ার জালমি। মোহাম্মদ হারিস ৩ বলে ৬ রান করে ফেরেন, আর অধিনায়ক বাবর আজম আউট হন গোল্ডেন ডাক মেরে। এরপর কুশল মেন্ডিস, মাইকেল ব্রেসওয়েলও দ্রুত ফিরে গেলে ৪০ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দলটি।
সেই চাপ সামলে দলের হাল ধরেন অ্যারন হার্ডি ও আবদুল সামাদ। দুজনের আগ্রাসী ব্যাটিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় পেশোয়ার। হার্ডি তুলে নেন ফিফটি, আর সামাদ খেলেন ৩৪ বলে ৪৮ রানের কার্যকর ইনিংস। শেষ দিকে ফারহান ইউসুফের চারেই নিশ্চিত হয় জয়।
২৮ বল ও ৫ উইকেট হাতে রেখে লক্ষ্য ছুঁয়ে ফেলে পেশোয়ার জালমি। বাবর আজমের নেতৃত্বে এটিই তাদের প্রথম পিএসএল শিরোপা।
হায়দরাবাদের হয়ে মোহাম্মদ আলী ৩ উইকেট নেন। আকিফ জাভেদ ও হুনাইন শাহ একটি করে উইকেট পান।