রিপোর্টার্স২৪ ডেস্ক: বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ৭টা ৪৮ মিনিটের দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১৫৫ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় সপ্তম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা।
আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ৩৩৩৮ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ইরাকের বাগদাদ, যা ‘ঝুঁকিপূর্ণ’ স্তরের কাছাকাছি। এছাড়া, ২৪৪ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর এবং ২৪৩ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি, উভয় শহরের বায়ুমানই ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত।
অন্যদিকে, ১৯৬ স্কোর নিয়ে ভারতের কলকাতা চতুর্থ অবস্থানে এবং ১৭৪ স্কোর নিয়ে ফিলিপাইনের ম্যানিলা শহর পঞ্চম অবস্থানে রয়েছে। ষষ্ঠ অবস্থানে থাকা পাকিস্তানের করাচির স্কোর ১৬৬ এবং এরপরই ১৫৫ স্কোর নিয়ে সপ্তম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা।
বায়ুমানের একিউআই স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়, যেমনটি বর্তমানে ঢাকায় রয়েছে। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়, এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। তুলনামূলকভাবে শূন্য থেকে ৫০ স্কোর ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়, ৫১ থেকে ১০০ ‘মাঝারি’ এবং সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।
রিপোর্টার্স২৪/এসসি