| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আটক বাংলাদেশিদের মুক্তির জন্য আমিরাতকে চিঠি দেবেন প্রধান উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৩, ২০২৫ ইং | ১৬:১৭:২৩:অপরাহ্ন  |  ১৩৮৬২১৯ বার পঠিত
আটক বাংলাদেশিদের মুক্তির জন্য আমিরাতকে চিঠি দেবেন প্রধান উপদেষ্টা
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে আটক বাংলাদেশিদের সাধারণ ক্ষমা করতে অনুরোধ করে দেশটির রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে চিঠি দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সংক্রান্ত চিঠির খসড়া প্রস্তুত করছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আমিরাতে বিক্ষোভে অংশ নেওয়ায় ২৪ জন বাংলাদেশিকে আটক করে দেশটির প্রশাসন। তাদের মুক্তির জন্য বাংলাদেশ সরকার কূটনৈতিক ও আইনি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এদিকে কারাবন্দি অবস্থায় আব্দুল হামিদ (৪৫) নামে এক প্রবাসী বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন।

এর আগে গত বছর ড. মুহাম্মদ ইউনূস আমিরাতের রাষ্ট্রপতির সঙ্গে টেলিফোনে কথা বলে সাজাপ্রাপ্ত ৫৭ জন বাংলাদেশিকে সাধারণ ক্ষমা করার অনুরোধ জানান। পরে আমিরাত সরকার প্রধান উপদেষ্টার অনুরোধে তাদের সবাইকে ক্ষমা করে দেয়।

২০২৪ সালের ৩ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে সংহতি প্রকাশের কারণে কারাদণ্ডপ্রাপ্ত ৫৭ জন বাংলাদেশিকে রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ক্ষমা করেছেন। ড. ইউনূসের অনুরোধে তাদের মুক্তি দেওয়া হয় এবং পরে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ১৮৮ জন বন্দি মুক্ত হয়ে দেশে ফিরেছেন, বাকি ২৫ জনের মুক্তির প্রক্রিয়া চলমান। মন্ত্রণালয় জানায়, বন্দিদের মুক্তির বিষয়ে কূটনৈতিক ও আইনি উদ্যোগ অব্যাহত আছে এবং সরকার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

এ বছরের ২২ এপ্রিল বাংলাদেশ দূতাবাস আবুধাবিতে অবশিষ্ট বন্দিদের মুক্তির জন্য কার্যক্রম শুরু করে। পরবর্তীতে মে মাসে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে বন্দিদের মুক্তির আহ্বান জানান। ৮ জুলাই তাদের আইনি সহায়তার জন্য স্থানীয় আইন সংস্থা হামদান আল কাবি ল ফার্মকে নিযুক্ত করা হয়।

গত ৭ আগস্ট বাংলাদেশের রাষ্ট্রদূত আবুধাবিতে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের কাছে ২৫ জন বন্দির বিস্তারিত তালিকা ও নথিপত্র হস্তান্তর করেন। এরপর ২১ সেপ্টেম্বর প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল আমিরাতের ন্যায়বিচারমন্ত্রীর কাছে আনুষ্ঠানিক অনুরোধপত্র পাঠান।

মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, গত ২০ অক্টোবর সিদ্ধান্ত হয় প্রধান উপদেষ্টার স্বাক্ষরের জন্য একটি নতুন চিঠির খসড়া প্রস্তুত করার। চিঠিটি দ্রুতই প্রস্তুত করে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হবে।

এর আগে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে ধন্যবাদ জানিয়ে পাঠানো চিঠিতে ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আপনার উদার সিদ্ধান্তে বাংলাদেশের জনগণ ও সংশ্লিষ্ট পরিবারের সদস্যরা গভীর স্বস্তি পেয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের আইন ও সংস্কৃতির প্রতি আমরা পূর্ণ শ্রদ্ধা জানাই এবং ভবিষ্যতে প্রবাসী শ্রমিকদের সেসব বিষয়ে সচেতন করার প্রতিশ্রুতি দিচ্ছি।’

তিনি আরও উল্লেখ করেন, ‘আপনার মানবিক সিদ্ধান্ত আমাদের দুই দেশের ভ্রাতৃত্ব ও বন্ধুত্বকে আরও দৃঢ় করেছে। আমরা ভবিষ্যতে পারস্পরিক স্বার্থে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪