| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুদ্ধবিরতির পরও গাজার ক্ষুধা পরিস্থিতি ‘বিপর্যয়কর :ডব্লিউএইচও

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৪, ২০২৫ ইং | ০৪:০২:১৯:পূর্বাহ্ন  |  ১৩৬৮১৮৫ বার পঠিত
যুদ্ধবিরতির পরও গাজার ক্ষুধা পরিস্থিতি ‘বিপর্যয়কর :ডব্লিউএইচও
ছবির ক্যাপশন: যুদ্ধবিরতির পরও গাজার ক্ষুধা পরিস্থিতি ‘বিপর্যয়কর :ডব্লিউএইচও

রিপোর্টার্স২৪ ডেস্ক : ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার দুই সপ্তাহ পার হলেও সেখানে ক্ষুধা ও অপুষ্টির পরিস্থিতি এখনো “বিপর্যয়কর” বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সংস্থাটি জানিয়েছে, ইসরায়েল মানবিক সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে বলে খাদ্যসহ জরুরি ত্রাণসামগ্রী মানুষের চাহিদা মেটাতে পারছে না। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো জানায়, অবরুদ্ধ গাজায় যে পরিমাণ খাদ্যসামগ্রী ঢুকছে, তা জনগণের পুষ্টির চাহিদা পূরণে একেবারেই অপ্রতুল। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, তাদের প্রতিদিন দুই হাজার টন ত্রাণ সরবরাহের লক্ষ্যমাত্রা থাকলেও বর্তমানে সেই পরিমাণের কাছাকাছি পৌঁছানো সম্ভব হয়নি। কারণ, ফিলিস্তিনি এই ভূখণ্ডে প্রবেশের জন্য মাত্র দুটি পথ খোলা রয়েছে।

ডব্লিউএইচও মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইয়েসুস বলেন, “পরিস্থিতি এখনো ভয়াবহ, কারণ যা ঢুকছে তা প্রয়োজনের তুলনায় অতি সামান্য। যথেষ্ট খাদ্য না থাকায় ক্ষুধা সংকটে কোনো পরিবর্তন আসেনি।”

এর আগে জাতিসংঘের এক প্রতিবেদনে জানানো হয়, ১১ হাজার ৫০০ গর্ভবতী নারীসহ গাজার অন্তত এক-চতুর্থাংশ জনগণ অনাহারে ভুগছেন। সংস্থাটি সতর্ক করেছে, চলমান এই ক্ষুধা সংকট “পুরো এক প্রজন্মের ওপর” দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে।

জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) উপ-নির্বাহী পরিচালক অ্যান্ড্রু স্যাবারটন জানান, বর্তমানে গাজায় জন্ম নেওয়া ৭০ শতাংশ শিশুই সময়ের আগেই বা কম ওজন নিয়ে জন্মাচ্ছে—যেখানে ২০২৩ সালের অক্টোবরের আগে এই হার ছিল মাত্র ২০ শতাংশ। তিনি বলেন, “অপুষ্টির প্রভাব শুধু মায়ের ওপর নয়, নবজাতকের জীবনেও ভয়াবহ প্রভাব ফেলছে।”

এর আগে চলতি বছরের আগস্টে গাজা সিটি ও আশপাশের এলাকায় দুর্ভিক্ষ ঘোষণা করা হয়েছিল। খাদ্য নিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থা আইপিসির তথ্য অনুযায়ী, তখন পুরো গাজা উপত্যকায় ৫ লাখের বেশি মানুষ “বিপর্যয়কর পরিস্থিতিতে” ছিলেন।

মার্কিন মধ্যস্থতায় গত ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে মানবিক সহায়তা কার্যক্রম জোরদারের কথা ছিল। জাতিসংঘ প্রতিদিন দুই হাজার টন ত্রাণ প্রবেশের লক্ষ্য নির্ধারণ করলেও বর্তমানে প্রতিদিন প্রায় ৭৫০ টন খাদ্যই গাজায় ঢুকছে, কারণ ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকা মাত্র দুটি প্রবেশপথ খোলা রয়েছে।

ফিলিস্তিনি এনজিও পিএআরসি–এর বিদেশি সম্পর্কবিষয়ক পরিচালক বাহা জাকউত বলেন, যুদ্ধবিরতি শুরুর দুই সপ্তাহ পরও গাজায় পরিস্থিতি ভয়াবহ। তিনি জানান, বাণিজ্যিক ট্রাকে বিস্কুট, চকলেট, কোমল পানীয় ঢুকতে দেওয়া হচ্ছে, কিন্তু বীজ ও জলপাইয়ের মতো পুষ্টিকর খাদ্যসামগ্রী নিষিদ্ধ।

তিনি আরও বলেন, এগুলো শিশু, নারী ও দুর্বল জনগোষ্ঠীর ন্যূনতম পুষ্টিচাহিদাও পূরণ করতে পারে না। কিছু ফল ও সবজি ঢুকলেও তার দাম বেড়ে আকাশছোঁয়া। এক কেজি টমেটোর দাম আগে যেখানে ছিল ১ শেকেল, এখন তা বেড়ে হয়েছে প্রায় ১৫ শেকেল (৪.৫০ ডলার)।

বৃহস্পতিবার অক্সফাম, নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলসহ ৪১টি আন্তর্জাতিক সংস্থা এক খোলা চিঠিতে অভিযোগ করেছে, ইসরায়েল নির্বিচারে গাজায় ত্রাণবাহী চালান আটকে দিচ্ছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত অন্তত ৬৮ হাজার ২৮০ জন নিহত ও ১ লাখ ৭০ হাজার ৩৭৫ জন আহত হয়েছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪