| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের পাশে পৌরসভার ময়লার ভাগাড়, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৪, ২০২৬ ইং | ১৩:৪০:৫৪:অপরাহ্ন  |  ৪৮৮ বার পঠিত
কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের পাশে পৌরসভার ময়লার ভাগাড়, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

কুষ্টিয়া প্রতিনিধি: ডেঙ্গুসহ বিভিন্ন রোগের বিস্তার রোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছে সরকার। অথচ কুষ্টিয়ার প্রথম শ্রেণির কুমারখালী পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার বেহাল দশা। বাসাবাড়ি, রেস্তোরাঁসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ময়লা-আবর্জনা সংগ্রহ করে ফেলা হচ্ছে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের দুই পাশে। এতে দূষিত হচ্ছে পরিবেশ, ছড়াচ্ছে দুর্গন্ধ, বাড়ছে রোগজীবাণুর সংক্রমণ ও জনস্বাস্থ্যঝুঁকি। ব্যাহত হচ্ছে স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ সমস্যা চললেও বারবার পৌর কর্তৃপক্ষকে জানানোর পরও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পৌরসভা প্রতিষ্ঠার ১৫৭ বছর পেরিয়ে গেলেও এখনো নির্মাণ করা সম্ভব হয়নি নির্দিষ্ট কোনো বর্জ্য ফেলার স্থান বা ডাম্পিং স্টেশন।

জানা গেছে, গড়াই নদীর তীরে ১৮৬৯ সালের এপ্রিলে যাত্রা শুরু করে কুমারখালী পৌরসভা। ১৯৯৬ সালে এটি প্রথম শ্রেণির পৌরসভার মর্যাদা লাভ করে। প্রায় ১১ বর্গমাইল আয়তনের এ পৌরসভায় বর্তমানে বসবাস করেন প্রায় ৬০ হাজার মানুষ। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখানে গড়ে ওঠেনি পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা। ফলে বিভিন্ন সড়কের পাশে জমে থাকা ময়লা-আবর্জনার স্তূপ থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ, দূষিত হচ্ছে আশপাশের পরিবেশ।

এলাকাবাসীর আশঙ্কা, যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার কারণে মশার বংশবিস্তারসহ ডেঙ্গু ও অন্যান্য রোগের প্রকোপ বাড়তে পারে। চিকিৎসকদের মতে, অপরিকল্পিতভাবে বর্জ্য ফেলা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। রোগের সংক্রমণ এড়াতে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলা এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা জরুরি।

এ বিষয়ে পৌর কর্তৃপক্ষের দাবি, অপরিকল্পিতভাবে বসতি গড়ে ওঠায় ডাম্পিং স্টেশন নির্মাণের জন্য উপযুক্ত জায়গা পাওয়া কঠিন হয়ে পড়েছে। জায়গার সংকটের কারণে বর্জ্য ব্যবস্থাপনায় কাঙ্ক্ষিত অগ্রগতি হচ্ছে না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাইসুল ইসলাম জানান, সমস্যাটির স্থায়ী সমাধানের পথ খুঁজে পাওয়া সহজ হচ্ছে না। তবে দ্রুত সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

স্থানীয় বাসিন্দারা বলছেন, শুধু আশ্বাস কিংবা অগ্রাধিকার প্রকল্প গ্রহণের কথা নয়, মহাসড়কের পাশে ময়লা ফেলা বন্ধ এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় পরিবেশদূষণের পাশাপাশি জনস্বাস্থ্যঝুঁকিও আরও বাড়বে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪