রিপোর্টার্স২৪ ডেস্ক : আরও ৩০৯ বাংলাদেশি নাগরিক লিবিয়ার রাজধানী ত্রিপলি থেকে দেশে ফিরেছেন । স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী এই অভিবাসীরা গতকাল বৃহস্পতিবার লিবিয়া ছাড়েন এবং তাদের বহনকারী চার্টার ফ্লাইট শুক্রবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ত্রিপলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানায়, এটি লিবিয়া সরকারের সহযোগিতায় পরিচালিত দ্বিতীয় চার্টার ফ্লাইট। রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার প্রত্যাবাসন কার্যক্রম উপলক্ষ্যে দূতাবাস প্রাঙ্গণে অভিবাসীদের বিদায় জানান। এ সময় দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. রাসেল মিয়া এবং অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
দূতাবাস জানিয়েছে, প্রত্যাবাসিত বাংলাদেশিরা পূর্বে স্বেচ্ছায় দেশে ফেরার জন্য আবেদন করেছিলেন। পরবর্তীতে লিবিয়া সরকারের সহযোগিতায় প্রয়োজনীয় ডকুমেন্ট প্রস্তুত, বহির্গমন ছাড়পত্র সংগ্রহ-সহ সব প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
ঠিক একই প্রক্রিয়ায় আগামী ৩০ অক্টোবর মিসরাতা ও ত্রিপলি থেকে আরও তিন শতাধিক বাংলাদেশিকে দেশে ফেরানোর উদ্যোগ চলছে বলে জানানো হয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম