রিপোর্টার্স২৪ ডেস্ক: আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। যা আরও ঘনীভূত হতে পারে। শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার (পাঁচ দিন) আবহাওয়া অধিদপ্তরের সামুদ্রিক আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
প্রথম দিনের (২৪ অক্টোবর) পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
শনিবার (২৫ অক্টোবর) ও রোববার (২৬ অক্টোবর) আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বলে জানানো হয়েছে। এসময় সারা দেশে তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন হবে না।
চতুর্থ দিন সোমবার (২৭ অক্টোবর) খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
পঞ্চম দিন মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে।
গত ২৪ ঘণ্টায় ফেনীতে দেশের সর্বোচ্চ ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পাশাপাশি বৃহস্পতিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ২০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ মিলিমিটার ছাড়া দেশের কোথাও বৃষ্টি হয়নি।
এই অবস্থায় বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।
রিপোর্টার্স২৪/আয়েশা