| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাণী

বিশ্ব বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে জাতিসংঘকে : ড. মুহাম্মদ ইউনূস

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৫, ২০২৫ ইং | ০৩:৩২:৩৯:পূর্বাহ্ন  |  ১৩৫৩৮৩৬ বার পঠিত
বিশ্ব বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে জাতিসংঘকে : ড. মুহাম্মদ ইউনূস
ছবির ক্যাপশন: বিশ্ব বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে জাতিসংঘকে: ড. মুহাম্মদ ইউনূস

রিপোর্টার্স২৪ ডেস্ক : প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বিশ্ব শান্তি ও বহুপাক্ষিক সহযোগিতার আকাঙ্ক্ষা পূরণে জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে বিকশিত হতে হবে। পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় সংগঠনটিকে আরও গতিশীল, সমন্বিত ও কার্যকর করে গড়ে তুলতে হবে।

২৪ অক্টোবর জাতিসংঘ দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, যদি জাতিসংঘ সবার শান্তি ও বহুপাক্ষিক সহযোগিতার আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চায়, তবে তাকে অবশ্যই নতুন বাস্তবতার সঙ্গে অভিযোজিত হতে হবে। আমরা জাতিসংঘ সংস্কারের পক্ষে, যাতে এটি আধুনিক ও পরিবর্তনশীল বিশ্বে সবার প্রত্যাশা পূরণে সক্ষম হয়।

এ বছর জাতিসংঘ প্রতিষ্ঠার ৮০তম বার্ষিকী পালিত হচ্ছে। এ উপলক্ষে ড. ইউনূস বাংলাদেশের জনগণের পক্ষ থেকে জাতিসংঘের সব সদস্য রাষ্ট্র, অংশীদার ও সংশ্লিষ্ট পক্ষকে শুভেচ্ছা জানান।

তিনি বলেন, এই তাৎপর্যপূর্ণ দিনে আমরা অঙ্গীকার করছি যে, জাতিসংঘ সনদে বর্ণিত শান্তিপূর্ণ ও স্থিতিশীল বিশ্ব গঠনে বাংলাদেশ তার দায়িত্ব পালন অব্যাহত রাখবে।’

ড. ইউনূস আরও বলেন, এ দিনটি ভয় ও অভাবমুক্ত পৃথিবী গড়ার অঙ্গীকার পুনরুজ্জীবনের দিন। একই সঙ্গে বহুপাক্ষিক সহযোগিতা ও ঐকমত্যের চেতনাকে জোরদার করারও সময়।

তিনি উল্লেখ করেন, গত আট দশকে জাতিসংঘ বিশ্বজুড়ে তার কার্যক্রম ও সম্পৃক্ততা বাড়িয়েছে। শান্তি ও নিরাপত্তা রক্ষা, মানবাধিকার সুরক্ষা এবং টেকসই উন্নয়ন ও মানবকল্যাণে জাতিসংঘের ভূমিকা অনন্য।

১৯৭৪ সালে জাতিসংঘের সদস্যপদ অর্জনের পর থেকে বাংলাদেশ একটি দায়িত্বশীল ও অবদানশীল সদস্য রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করেছে বলে জানান প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, ‘শান্তির সংস্কৃতির পতাকা হাতে নিয়ে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিয়েছে। আমাদের অনেক সাহসী শান্তিরক্ষী বিশ্ব শান্তির জন্য সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন।

টেকসই উন্নয়ন, বাণিজ্য ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৈশ্বিক দক্ষিণের দেশগুলো নিয়মভিত্তিক বহুপাক্ষিক ব্যবস্থায় বিকশিত হয়— উল্লেখ করে তিনি বলেন, কিন্তু একতরফা সিদ্ধান্ত ও বৈষম্যমূলক আচরণের কারণে বিশ্বে উত্তেজনা বাড়ছে।

সাম্প্রতিক সংঘাত প্রসঙ্গে ড. ইউনূস বলেন, ‘বহুপক্ষীয় কূটনীতি এখন কঠিন পরীক্ষার মুখে। চরম জাতীয়তাবাদ ও মানবিক কষ্টের প্রতি উদাসীনতা মানবজাতির দীর্ঘ অর্জিত অগ্রগতি নষ্ট করছে। আজ বিশ্বের মানুষ গাজার ভয়াবহ গণহত্যার দৃশ্য প্রত্যক্ষ করছে।’

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের নিজস্ব অঞ্চলেও আমরা রোহিঙ্গাদের অধিকারবঞ্চনা ও নির্যাতনের সাক্ষী। এটি সাংস্কৃতিক পরিচয়ভিত্তিক রাজনীতির ফল। এ বিষয়ে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের নতুন মনোযোগ কামনা করছি।-বাসস


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪