রিপোর্টার্স২৪ ডেস্ক : আবারও দূষণে শীর্ষে বাংলাদেশের রাজধানী ঢাকা। বায়ুদূষণের দিক থেকে বিশ্বের শহরগুলোর মধ্যে আজ শনিবার সকাল ৯টায় চতুর্থ অবস্থানে রয়েছে এই মহানগরী। সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা আইকিউএয়ারের সর্বশেষ সূচক অনুযায়ী, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর দাঁড়িয়েছে ১৭৯, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়েছে।
ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। আজ সকালে ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে প্রায় ১৭ গুণ বেশি রয়েছে।
এদিন ঢাকার কল্যাণপুর এলাকায় ২১২ একিউআই স্কোর নিয়ে বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। তালিকায় এর পরেই রয়েছে বেচারাম দেউড়ি (১৯৮), দক্ষিণ পল্লবী (১৮৭), ইস্টার্ন হাউজিং (১৭৯), গোড়ান (১৬৪), মাদানি সরণির বেজ এজওয়াটার (১৫৮), গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (১৫৫) ও তেজগাঁওয়ের শান্তা ফোরাম (১৫৫)। এসব একালায় বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
এদিন বিশ্বের শহরগুলোর তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। ৩৬৩ একিউআই স্কোর শহরটির বাতাসের মান বিপজ্জনক পর্যায়ে রয়েছে। এদিকে দ্বিতিয় ও তৃতীয় স্থানে রয়েছে ভারতের দুই শহর দিল্লি ও কলকাতা। শহর দুটির বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়।
এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
রিপোর্টার্স২৪/ঝুম