রিপোর্টার্স২৪ ডেস্ক : বৃষ্টিহীন আকাশে ভুগছে রাজধানীবাসী। অক্টোবরের শেষভাগেও ঢাকায় গরমের দাপট যেন কমার নামই নিচ্ছে না। সকালে কিছুটা স্বস্তি থাকলেও সূর্য উঁচুতে উঠতেই বেড়ে যাচ্ছে গরমের তীব্রতা, অস্বস্তিতে পড়ছেন নগরবাসী।
শনিবার (২৫ অক্টোবর) সকালে প্রকাশিত বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়, আজও ঢাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, তবে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। বাতাস বইবে উত্তর ও উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে।
গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস, আজও তা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অর্থাৎ, আজও গতকালের মতো গরম অনুভূত হবে।
আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ২৫ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২৪ মিনিটে, আর আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১ মিনিটে।
অন্যদিকে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর প্রভাবে চট্টগ্রাম বিভাগের দু–এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
রিপোর্টার্স২৪/ঝুম